- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ২৮, ২০২৪
হাসিনাকে বিশ্ব অপরাধী ঘোষণা করার ব্যাপারে আইসিসি–র কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক ইউনুসের
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এএ খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মহম্মদ ইউনুস। বৈঠকে করিম বাংলাদেশ সরকারের উপদেষ্টাকে জানান, কীভাবে আন্তর্জাতির অপরাধ আদালতে বিচার করে শেখ হাসিনাকে বিশ্ব অপরাধী ঘোষণা করা সম্ভব।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করিমের সঙ্গে ইউনুসের এই বৈঠক হয়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছিলেন ইউনুস। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর করিমের সঙ্গে তাঁর বৈঠক হয়। এই বৈঠক অবশ্য মহম্মদ ইউনুসের সফরসূচিতে ছিল না। বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে সম্প্রতি গণঅভ্যুত্থানে যে গণহত্যার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসাও করেছেন।
শেখ হাসিনাকে কীভাবে বিশ্ব অপরাধী ঘোষণা করা যায়, তা ব্যাখ্যা করতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদাহরণ তুলে ধরেন করিম। তাঁদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ তুলে বিশ্ব অপরাধী ঘোষণা করেছে আম্তর্জাতিক অপরাধ আদালত। কীভাবে ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব, সে ব্যাপারেও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে মহম্মদ ইউনুসকে জানিয়েছেন করিম।
ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য খুনের মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলির এখনও বিচার শুরু হয়নি। বিচার শুরুর পর হাসিনাকে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারে বাংলাদেশ। যদিও প্রত্যপর্ণের ব্যাপারে ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত। ভারতের সঙ্গে বাংলাদেশের তেমনই চুক্তি রয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনাকে বিশ্ব অপরাধী ঘোষণা করলে ভারত সরকার বাধ্য হবে বাংলাদেশের হাতে হাসিনাকে প্রত্যার্পন করতে।
এদিকে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত।
❤ Support Us






