Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১০, ২০২৩

‌৬০ মিনিট ৯ জনে খেলেও দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত জয় মহমেডানের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌৬০ মিনিট ৯ জনে খেলেও দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত জয় মহমেডানের

আই লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে মহমেডান স্পোর্টিং। আগের ম্যাচে ট্রাউ এফসি–কে ৬–০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর শুক্রবার জয় তুলে নিয়ে দিল্লি এফসি–র বিরুদ্ধে। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে সাদাকালো ব্রিগেডের জয় ২–১ ব্যবধানে। দিল্লির বিরুদ্ধে মহমেডানের এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়, তেমনি আবার ম্যাচের অধিকাংশ সময়ই ৯ জনে খেলতে হয় মহমেডান স্পোর্টিংকে।
আগের ম্যাচে ট্রাউ এফসি–র বিরুদ্ধে ডেভিড লাললানসাঙ্গাকে প্রথম একাদশে রেখে বাজিমাত করেছিলেন মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। এদিন দিল্লি এফসি–র বিরুদ্ধেও দুর্দান্ত ফুটবল উপহার দেন ডেভিড। শুরু থেকেই দিল্লির ওপর ঝাঁপিয়ে পড়েছিল মহমেডান। ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় মহমেডান। শুরুতে গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে সাদাকালো ব্রিগেড। আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায়। ১৩ মিনিটে মহমেডানের হয়ে ব্যবধান বাড়ান রেমসাঙ্গা।
২ গোলে এগিয়ে গিয়ে ম্যাচে রীতিমতো জাঁকিয়ে বসেছিল মহমেডান। এরপরই ছন্দপতন। ৩০ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে বেরিয়ে যান মহমেডানের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার অ্যালেক্সিজ ও কাশিমভ। ম্যাচের বাকি সময় ৯ জনে দুর্দান্ত লড়াই করে সাদাকালো ব্রিগেড। ২ জন ফুটবলার কম নিয়েও ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করে চেরনিশভের ফুটবলাররা। তবে গোল হজম করার হাত থেকে রক্ষা পায়নি। ম্যাচের ইনজুরি সময়ে দিল্লি এফসি–র হয়ে ব্যবধান কমান গগনদীপ বালি।
প্রথম তিনটি ম্যাচ ঘরের মাঠে খেলেছিল মহমেডান। ৩ ম্যাচে ২টিতে জয়, ১টি ম্যাচে ড্র করেছিল। প্রথম অ্যাওয়ে ম্যাচেও জয়। ৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থাকল মহমেডান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!