- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৭, ২০২৩
আজ ঢাকার বসুন্ধরাকে হারিয়ে নক আউটের রাস্তা পরিস্কার করতে চায় মোহনবাগান
ঘরের মাঠে গ্রুপ লিগের প্রথম পর্বের ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও আটকে যেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টসকে। ম্যাচ শেষ হয়েছিল ২–২ ব্যবধানে। আজ সেই বসুন্ধরা কিংসের বিরুদ্ধেই ঢাকায় মাঠে নামছে সবুজমেরুণ ব্রিগেড। বসুন্ধরার ঘরের মাঠে তাদের হারিয়ে এএফসি কাপের নক আউটের রাস্তা পরিষ্কার করতে চায় মোহনবাগান সুপার জায়ান্টস।
এই মুহূর্তে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’–তে শীর্ষে রয়েছে মোহনবাগান। আর ৪ ম্যাচে ৪ পয়েন্ট বসুন্ধরা কিংসের। আজ যদি বসুন্ধরার বিরুদ্ধে জয় না আসে, তাহলে নকআউট পর্বে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে যাবে মোহনবাগানের কাছে। পরের দুটি ম্যাচে ওডিশা এফসি ও মাজিয়া ইউনাইটেডের বিরুদ্ধে জিততেই হবে জুয়ান ফেরান্দোর দলকে। আজ অন্য ম্যাচে মাজিয়া ও ওডিশা মুখোমুখি। ওডিশা এফসি যদি মালদ্বীপের মাজিয়ার বিরুদ্ধে জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৬। তাই আজ যে কোনও মূল্যে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া মোহনবাগান শিবির।
দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে অবশ্য এগিয়ে আছে এপার বাংলার দল। মোট তিনবার দুই দল মুখোমুখি হয়েছে। মোহনবাগান জিতেছে ১ বার। ড্র হয়েছে ২ বার। তবে ঢাকায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগানকে ভাবাচ্ছে ঘরের মাঠে প্রতিপক্ষের সাফল্য। চলতি মরশুমে ঘরের মাঠে এখনও অপরাজিত বসুন্ধরা। তার ওপর বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহো দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রথম পর্বের ম্যাচে তাঁরই জোড়া গোলে পয়েন্ট হাতছাড়া হয়েছিল মোহনবাগানের। তাঁকে আটকানোই বড় চ্যালেঞ্জ মোহনবাগান ডিফেন্সের। তাছাড়া ঘরের মাঠে দর্শক সমর্থন তো রয়েছেই।
চোটের জন্য মোহনবাগান নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিকে না পেলেও বাকি ফুটবলারদের অবশ্য পাচ্ছে। চোট ও অসুস্থতা কাটিয়ে হুগো বুমোস ও জেমস কামিংস খেলার জন্য তৈরি। এছাড়া বাকি সব বিদেশিকেই পাবেন জুয়ান ফেরান্দো। তাঁর একটাই সুবিধা, এই ম্যাচে তিনি ৬ জন বিদেশিকেই মাঠে নামাতে পারবেন। তবে ডিফেন্স নিয়ে চিন্তায় থাকতেই হবে মোহনবাগান কোচকে। আনোয়ার আলির অভাব ভাবাচ্ছে তাঁকে। জুয়ান ফেরান্দোর কথায়, ‘আনোয়ারের না থাকাটা অবশ্যই বড় ক্ষতি। তবে ওর অভাব পূরণের দায়িত্ব অন্যরা কাঁধে তুলে নিয়েছে।’ বসুন্ধরার মাঠ নিয়েও চিন্তা মোহনবাগান কোচের।
❤ Support Us






