- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১১, ২০২৩
মাত্র ১৩ জন ফুটবলারকে নিয়েই মাজিয়ার বিরুদ্ধে আজ সম্মানের ম্যাচে মাঠে নামছে মোহনবাগান
ওডিশা এফসি–র কাছে হেরে এএফসি কাপ থেকে আগেই বিদায় নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। আজ গ্রুপ লিগে নিয়মরক্ষার শেষ ম্যাচে মালদ্বীপের মাজিয়া এফসি–র বিরুদ্ধে খেলতে নামছে সবুজমেরুণ ব্রিগেড। রিজার্ভ বেঞ্চে ফুটবলার রাখা নিয়ে চরম সমস্যায় মোহনবাগান। হাতে রয়েছে মাত্র ১৩ জন ফুটবলার। এদের মধ্যে থেকেই প্রথম একাদশ সাজাতে হবে। একজন বিদেশিও দলে নেই। কোচ জুয়ান ফেরান্দোও দলের সঙ্গে যাননি।
আসলে মাজিয়ার বিরুদ্ধে এএফসি কাপের কাপের গ্রুপ লিগের এই ম্যাচের কোনও গুরুত্ব নেই। তাই আইএসএলের কথা মাথায় রেখে কোনও বিদেশি ফুটবলারকে মালদ্বীপ পাঠায়নি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। অধিকাংশ যুব দলের ফুটবলারকেই পাঠানো হয়েছে। দলের সঙ্গে গেছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা ও গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল।
প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারের চোট রয়েছে। সামনে আইএসএলের বেশ কয়েকটা কঠিন ম্যাচ খেলতে হবে মোহনূবাগানকে। সেকথা মাথায় রেখেই দলের সিনিয়র ফুটবলারদেরও পাঠানো হয়নি। হামতে, দীপক টাংরি, সুহেল, সুমিত রাই, আর্শ, ফারদিন খানরাই ভরসা ক্লিফোর্ড মিরান্ডার। হাতে মাত্র ১৩ জন ফুটবলার থাকায় ছোট আঘাত লাগলে পরিবর্তন করতে সমস্যা হবে মোহনবাগান সহকারী কোচের।
ক্লিফোর্ড মিরান্ডার মাথায় অবশ্য সম্মান বাঁচানোর কথা। মাজিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘আমরা আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছি। মাজিয়ার বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে সম্মান বাঁচানোর। ফুটবলাররা দলের সম্মান বাঁচানোর জন্য নিশ্চয় লড়াই করবে। আশা করছি জার্সির মর্যাদা অক্ষুন্ন রাখবে। মাজিয়াকে হারিয়ে ভালভাবে প্রতিযোগিতা শেষ করতে চাই। যুব ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার দারুন সুযোগ।’
❤ Support Us






