- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ১৯, ২০২৪
সোমবার থেকে সংসদে শুরু বাদল অধিবেশন। পেশ হতে পারে ৬টি নতুন বিল
আগামী ২২ জুলাই সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশন চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশ করবেন। লোকসভার সচিবালয়ের পার্লামেন্ট বুলেটিন প্রকাশ করা হয়েছে যে বাজেট ছাড়াও সরকার ভারতীয় বায়ুযান বিল- ২০২৪ পেশ করবে । বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আরও সহজে ব্যবসা করার জন্য ১৯৩৪ সালের এয়ারক্রাফট আইনের জায়গায় এই বিলটি চালু করা হবে।
বাদল অধিবেশনে সরকার ৬ টি নতুন বিল আনতে চলেছে । এই বিলগুলি হল- অর্থবিল, বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিল, বয়লার সংক্রান্ত বিল, ভারতীয় বায়ুযান বিধেয়ক বিল, কফি ও রাবারের প্রচার ও উন্নয়ন সংক্রান্ত বিল।
লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা সংসদীয় কাজের সুচি নির্মাণে ১৪ জনের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছেন, যার সদস্যরা হলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কে সুরেশ ও গৌরব গগৌ , সমাজবাদী পার্টির লালজী ভার্মা , ডি এম কে দলের পক্ষ থেকে থাকবেন দয়ানিধি মারান, শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র অরবিন্দ সাওয়ান্ত, বিজেপির অনুরাগ ঠাকুর, ভর্ত্রুহরি মহতাব ।
অর্থমন্ত্রীরূপে নির্মলা সীতারামন সপ্তম বারের মতো বাজেট পেশ করতে চলেছেন । তাঁর আগে আছেন মোরারজি দেশাই। তিনি ছবার অর্থ বাজেট পেশ করেছিলেন। মঙ্গলবার তাঁর পূর্বসূরির রেকর্ড ভাঙবেন নির্মলা।
ইতিমধ্যে বাদল অধিবেশনে হাজির থাকতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন জেল বন্দি সাংসদ ও খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং। পাঞ্জাবের খাদুর সাহিবের নির্দল সাংসদ বর্তমানে ডিব্রুগর জেলে বন্দি আছেন। গত লোকসভা ভোটে অমৃতপাল ৪ লক্ষের বেশি ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন । ৫ জুলাই সাংসদরূপে শপথ নেন তিনি। এবার জেল থেকে বাদল অধিবেশনে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করে ওম বিড়লাকে চিঠি দেন তিনি।
❤ Support Us






