- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২০, ২০২৩
ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত ৮৫, জখম তিন শতাধিক
ইদের আগে দারিদ্রপীড়িত ইয়েমেনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অত্যধিক ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ৮৫জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইয়েমেনের রাজধানী সানার অন্তর্গত বাব আল-ইয়েমেন জেলাতে। প্রশাসন জানিয়েছে, মর্মান্তিক এই ঘটনায় জখম ৩২২ জনের বেশি মানুষ।
একটি স্কুল চত্বরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শত শত মানুষ। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে ভারতীয় মুদ্রায় ১ হাজার ৬৪২ টাকা করে মাথাপিছু আর্থিক সহায়তা করা হচ্ছিল। দরিদ্র নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

সূত্রের খবর, ভিড় সামলাতে নিরাপত্তা রক্ষীরা শূন্যে গুলি চালান। গুলি গিয়ে লাগে বিদ্যুতের তারে, এর জেরে বিস্ফোরণও ঘটে। আতঙ্কে মানুষজন ছুটোছুটি শুরু করায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছে মহিলা ও শিশুরাও। তবে কতজন মহিলা ও শিশুর মৃত্যু হয়েছে, সেই সংখ্যা জানা যায়নি এখনও।
পদপিষ্ট হওয়ার ঘটনার পরে সংবাদ মাধ্যমে মর্মান্তিক এই ঘটনার ছবি সম্প্রচারিত হয়েছে। আর ইদের আগে নেমে এসেছে শোকের ছায়া।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদেরকে হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ চালাতে।
মৃতদেহগুলি এবং জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃত ও জখমদের পরিবারের সদস্যদের অনেকেই পরিজনদের একবার চোখের দেখা দেখতে পাননি নিরাপত্তা রক্ষীদের বাধায়। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা।
ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতা চলছে ২০১৪ সাল থেকে। আট বছরের বেশি সময় ধরে চলেছে গৃহযুদ্ধ। রাজধানী সানাও হাউতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।রাষ্ট্রসঙ্ঘ আগেই জানিয়েছে, দেশের দুই-তৃতীয়াংশ নাগরিকের এখনই প্রয়োজন মানবিক সহায়তা। দারিদ্রসীমার তলায় বসবাস করছেন ইয়েমেনের ২১ দশমিক ৭ মিলিয়ন নাগরিক। আর হাউতি নিয়ন্ত্রিত এলাকাগুলিতে সরকারি কর্মীরা পর্যন্ত বছরের পর বছর ধরে বেতন পাচ্ছেন না।
❤ Support Us






