- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২৫
মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা ঘিরে একাধিক মামলা রুজু আদালতে
মেসির সঙ্গে ছবি তুলে শোস্যাল শেয়ার, কটাক্ষের শিকার অভিনেত্রী। থানায় এফআইআর দায়ের পরিচালক রাজ চক্রবর্তীর
বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলা, এবার আদালতে রুজু একাধিক জনস্বার্থ মামলা।
এবার গড়াল আদালতের অঙ্গনে। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনায় কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। এই মামলাগুলির শুনানি খুব শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ১৩ ডিসেম্বর, শনিবার মেসির কলকাতা সফরের দিন যুবভারতী স্টেডিয়ামে কার্যত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় ফুটবলারকে এক নজর দেখার আশায় মেসিভক্তরা অত্যন্ত চড়া দামে টিকিট কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে মেসি মাঠে এলেও তাঁকে ঘিরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের অতিরিক্ত ভিড়ের কারণে সাধারণ দর্শকরা মাঠে দাঁড়িয়ে থেকেও ফুটবলারের অবয়ব পর্যন্ত দেখতে পাননি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। এই অশান্তির দায় গিয়ে পড়ে অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার উপর । ঘটনার সময় মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত মেসির সঙ্গে হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন । জনরোষের মুখে তাঁকে দমদম বিমানবন্দর থেকে প্রথমে আটক করে পুলিশ । বর্তমানে শতদ্রু দত্ত ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন ।
ঘটনার তীব্র নিন্দা করেছে ক্রীড়ামহল থেকে শুরু করে সাধারণ মানুষ । এই পরিস্থিতিতেই সোমবার কলকাতা হাই কোর্টে যুবভারতী কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন । জানা গিয়েছে, মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে ।
এই বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে, সেই সিটের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক মামলা দায়েরের আবেদন জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় । চলতি সপ্তাহেই এই মামলার শুনানি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে হতে পারে বলে জানা গিয়েছে ।
অন্যদিকে, সাধারণ মানুষের আর্থিক ক্ষতির বিষয়টি সামনে এনে আরও একটি মামলা দায়ের হয়েছে । আইনজীবী মৈনাক ঘোষালের আবেদনে দাবি করা হয়েছে, এই ঘটনায় অর্থনৈতিক দুর্নীতি ও আর্থিক অনিয়মের দিকটি খতিয়ে দেখতে ইডিকে দিয়ে তদন্ত করানো হোক । পাশাপাশি তাঁর আবেদন, ক্ষতিগ্রস্ত যুবভারতী স্টেডিয়ামের মেরামতের খরচ যেন আয়োজনকারী সংস্থার অর্থেই বহন করা হয়, দর্শকদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয় এবং পুরো তদন্ত প্রক্রিয়া আদালতের নজরদারিতে পরিচালিত হোক।
সব মিলিয়ে মেসির কলকাতা সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা এখন আইনি জটিলতার পথে ।
যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ফুটবল মহাতারকা লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটাক্ষ ও কুৎসিত মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । শুধু তাই নয়, তাঁর শারীরিক গঠন ও ব্যক্তিগত জীবন নিয়েও অশালীন মন্তব্য করতে ছাড়েননি সমালোচকরা । এই ঘটনার তীব্র প্রতিবাদে রবিবার প্রথমে সোশাল মিডিয়ায় স্ত্রীর পাশে দাঁড়ান পরিচালক-অভিনেতা ও তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। দীর্ঘ পোস্টে তিনি প্রশ্ন তোলেন, বাংলা ছবির নায়িকা বলেই কি একজন নারীকে এত সহজে আক্রমণ করা যায় ? এরপরই পরিচালক রাজ চক্রবর্তী পুলিশের দ্বারস্থ হন। রাতে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি দাবি করেন, শুভশ্রীর বিরুদ্ধে যে ভাষায় কুৎসা ও নোংরা ইঙ্গিত করা হচ্ছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । শারীরিক গঠন, সন্তান এবং ব্যক্তিগত জীবন নিয়ে অপমানজনক মন্তব্যকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি । রাজ চক্রবর্তীর মতে, এই আক্রমণের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। তিনি বলেন, “একজন নারীকে যেভাবে কুৎসা ও নোংরা ইঙ্গিত করা হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে।”
❤ Support Us







