- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
ইডেনে হরিয়ানাকে হারিয়ে রনজি সেমিফাইনালে মুম্বই, সামনে বিদর্ভ
রনজি ট্রফির ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই। ইডেনে কোয়ার্টার ফাইনালে হরিয়ানাকে ১৫২ রানে হারিয়ে শেষ চারের টিকিট জোগাড় করে নিল গতবারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে মুম্বই খেলবে বিদর্ভের বিরুদ্ধে। অন্য কোয়ার্টার ফাইনালে বিদর্ভ ১৯৮ রানে হারিয়েছে তামিলনাডুকে।
ইডেনে তৃতীয় কোয়ার্টার ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল মুম্বই। একসময় ১১৩ রানে ৭ উইকেট হারিয়েছিল। সেখান থেকে শেষ পর্যন্ত তোলে ৩১৫। জবাবে ৩০১ রানে শেষ হয় হরিয়ানার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের সংগ্রহ ৩৩৯। অধিনায়ক অজিঙ্কা রাহানে ১৮০ বলে করেন ১০৮। মারেন ১৩টি চার। চলতি রনজি ট্রফিতে এটাই মুম্বই অধিনায়কের প্রথম সেঞ্চুরি। সূর্যকুমার যাদব ৮০ বলে করেন ৭৬, শিবম দুবে করেন ৪৮। মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে অনুজ ঠাকরাল নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন অংশুল কম্বোজ, সুমিত কুমার ও জয়ন্ত যাদব।
জয়ের জন্য হরিয়ানার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৪। ৫৭.৩ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় হরিয়ানার দ্বিতীয় ইনিংস। ওপেনার লক্ষ্য দালাল ৬৪ ও ৭ নম্বরে নামা সুমিত কুমার ৬২ রান করেন। হরিয়ানাকে ভাঙেন রয়স্টন ডায়াস। ৩৯ রানের বিনিময়ে তিনি ৫ উইকেট নেন। শার্দুল ঠাকুর ৩টি ও তনুশ কোটিয়ান ২টি উইকেট নেন।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নাগপুরে তামিলনাড়ুকে ১৯৮ রানে হারিয়েছে বিদর্ভ। বিদর্ভ প্রথম ইনিংসে তুলেছিল ৩৫৩। জবাবে ২২৫ রানে গুটিয়ে যায় তামিলনাডু। দ্বিতীয় ইনিংসে বিদর্ভের সংগ্রহ ২৭২। যশ রাঠোরের করেন ১১২ ও হর্ষ দুবে ৬৪। সাই কিশোর নেন ৫ উইকেট। জয়ের জন্য তামিলনাডুর সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০১ রান। ২০২ রানেই শেষ তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস। প্রদোষ রঞ্জন পাল ৫৩ ও সোনু যাদব ৫৭ রান করেন। নচিকেত ভুতে ও হর্ষ দুবে ৩টি করে উইকেট নেন।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে রাজকোটে গুজরাট ইনিংস ও ৯৮ রানে হারিয়েছে সৌরাষ্ট্রকে। প্রথম ইনিংসে গুজরাট তুলেছিল ৫১১। জবাবে ২১৬ রানে গুটিয়ে যায় সৌরাষ্ট্র। ফলোঅন করতে নেমে সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায়। দুই ইনিংসেই ব্যর্থ চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে করেছিলেন ২৬। দ্বিতীয় ইনিংসে ২। হার্ভিক দেশাই করেন সর্বাধিক ৫৪। প্রিয়জিৎ সিং জাদেজা ৪টি, অর্জন নাগওয়াসওয়ালা ৩টি, রবি বিষ্ণোই ২টি ও চিন্তন গাজা ১টি উইকেট নেন।
❤ Support Us








