- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৫, ২০২৪
দীর্ঘ ২৬ বছরের খরা কাটিয়ে ইরানি কাপ জিতল মুম্বই
১৯৯৭-৯৮ মরশুমে শেষবার ইরানি কাপ (আগে ছিল ইরানি ট্রফি) ঘরে এসেছিল। দীর্ঘ ২৬ বছরের খরা কাটিয়ে আবার ইরানি কাপ জিতল মুম্বই। এই নিয়ে ১৫ বার ইরানি কাপে চ্যাম্পিয়ন হল তারা। অবশিষ্ট ভারতীয় একাদশের সঙ্গে তাদের ম্যাচ ড্র হয়। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ইরানি কাপে চ্যাম্পিয়ন হল মুম্বই। দুরন্ত ডবল সেঞ্চুরি করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সরফরাজ খান।
সরফরাজ খানের দুরন্ত দ্বিশতরানের ওপর ভর করে প্রথম ইনিংসে মুম্বই তুলেছিল ৫৩৭ রান। জবাবে অবশিষ্ট ভারতীয় একাদশ ৪১৬ রানে গুটিয়ে যায়। অভিমন্যু ঈশ্বরণ করেন ১৯১ রান। ধ্রুব জুরেল করেন ৯৩। ১২১ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বেলায় চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বই। দিনের শেষে ৪০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান তোলে। ক্রিজে ছিলেন সরফরাজ খান (৯) ও তনুশ কোটিয়ান (২০)।
পঞ্চম দিন ১৬৭ রানের মাথায় সপ্তম উইকেট হারায় মুম্বই। ১৭ রান করে সারাংশ জৈনর বলে আউট হন সরফরাজ খান। ১৭১ রানের মাথায় অষ্টম উইকেটের পতন ঘটে মুম্বইয়ের মাত্র ২ রান করে আউট হন শার্দুল ঠাকুর। ৮ নম্বরে নেমে তনুশ কোটিয়ান ১০টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ১৫০ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে তিনি ১২৪ বলে ৬৪ করেছিলেন। ১০ নম্বরে ব্যাট করতে নামা মোহিত অবস্থি ৯৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩২৯ তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে মুম্বই। সারাংশ জৈন নেন ৬ উইকেট। মানব সুথার নেন ২ উইকেট। এরপর অবশিষ্ট ভারতীয় একাদশ আর ব্যাট করতে নামেনি।
❤ Support Us






