Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৬

উদ্বোধনের আগেই মূর্তি নদীর নতুন ব্রিজ ঘিরে উচ্ছ্বাস ! বদলে যেতে পারে উত্তরবঙ্গের পর্যটনের ছবি ?

আরম্ভ ওয়েব ডেস্ক
উদ্বোধনের আগেই মূর্তি নদীর নতুন ব্রিজ ঘিরে উচ্ছ্বাস ! বদলে যেতে পারে উত্তরবঙ্গের পর্যটনের ছবি ?

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে নতুন রূপে খুলতে চলেছে মূর্তি নদীর উপর নির্মিত বহু প্রতীক্ষিত আর্চ ব্রিজ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই নয়া সেতুর উদ্বোধন হওয়ার কথা। তবে উদ্বোধনের আগেই সেতুর একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই সাদা-কালো রঙের ধনুকাকৃতি এই সেতু মূর্তি এলাকার অন্যতম নতুন আকর্ষণ হয়ে উঠেছে। নয়া এই সেতু চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই সহজ হবে না, বদলে যেতে পারে গোটা এলাকার পর্যটনের চিত্রও। সেতুকে ঘিরে তাই আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, মূর্তি নদীর উপর নির্মিত এই ব্রিজ চালু হলে দুই প্রান্তের মধ্যে প্রায় ১০ কিলোমিটার পথ কমে যাবে। এর ফলে লাটাগুড়ি, জলপাইগুড়ি, নাগরাকাটা, লুকসান, মহাবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে। একইসঙ্গে জলঢাকা বিন্দু, রঙ্গু, কুমাইয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রেও আগের তুলনায় কম সময়ে পৌঁছনো সম্ভব হবে।
নতুন সেতুকে ঘিরে স্বাভাবিকভাবেই আশাবাদী স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের আশা, সেতু চালু হওয়ার পর এই অঞ্চলে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে। পর্যটন বাড়লে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে স্থানীয় ছোট দোকান, গাড়ি পরিষেবা এবং অন্যান্য ব্যবসার উপরও। ফলে নতুন এ সেতু যোগাযোগের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সেতুটির নির্মাণকাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচনী বিধিনিষেধের কারণে এতদিন আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হয়নি। মঙ্গলবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে। মূর্তি নদীর উপর নয়া সেতুর উদ্বোধনের পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। কোচবিহারে পৌঁছেই প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপর কোচবিহারে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!