Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৫, ২০২৫

মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে সাংসদ যোগ । গ্রেফতার এক । এখনো অধরা অভিযুক্ত পুলিশ অফিসার

আরম্ভ ওয়েব ডেস্ক
মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে সাংসদ যোগ । গ্রেফতার এক । এখনো অধরা অভিযুক্ত পুলিশ অফিসার

মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃতার হাতে লেখা অভিযোগে উঠে এসেছে ধর্ষণ, মানসিক নির্যাতন ও হুমকির অভিযোগ। শনিবার গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে, যদিও আরেক অভিযুক্ত পুলিশ অফিসার এখনও পলাতক। ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সূত্রের খবর, ধৃতের নাম প্রশান্ত বঙ্কর, যিনি মৃত চিকিৎসকের বাড়িওয়ালার ছেলে। অন্য অভিযুক্ত সাসপেন্ড হওয়া সাব-ইনস্পেক্টর গোপাল বাদানে এখনও ফেরার। উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের ফলটনের এক হোটেল থেকে ওই তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাম হাতের তালুতে দুই ব্যক্তির নাম লেখা ছিল — তাঁদেরই বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানসিক হেনস্তার অভিযোগ করেন তিনি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই এসআই চিকিৎসককে একাধিকবার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। এ ছাড়া বাড়িওয়ালার ছেলে প্রশান্তও তাঁকে নিয়মিতভাবে হেনস্থা করতেন। ঘটনার পর থেকে দু’জনেই গা-ঢাকা দিয়েছিল। পুলিশ ইতিমধ্যেই এসআই-কে সাসপেন্ড করেছে এবং ধৃত প্রশান্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এদিকে, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে চার পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন, যেখানে এক সাংসদের নামেরও ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, সাংসদ ও তাঁর দুই সহযোগী চিকিৎসককে অনৈতিক কাজ করতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। এমনকি তাঁকে ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট দিতে বলা হয়েছিল, যা তিনি অস্বীকার করেন। পরবর্তীতে সাংসদ নিজে ফোনে হুমকি দেন বলেও দাবি মৃত চিকিৎসকের।

তরুণীর পরিবার জানিয়েছে, তিনি একাধিকবার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন— এমনকি পুলিশ সুপার ও ডেপুটি সুপারের কাছেও বিষয়টি জানান। কিন্তু তবুও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।

চিকিৎসকের মৃত্যুর পর ঘটনাটি নিয়ে সরগরম রাজনৈতিক মহল। বিরোধীরা দেবেন্দ্র ফড়নবীশ সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানিয়েছে। তাঁদের অভিযোগ, মহারাষ্ট্রে একজন সরকারি চিকিৎসকও নিরাপদ নন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় অবশ্য জানিয়েছে, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বর্তমানে পুলিশ সাংসদের সম্পৃক্ততা, প্রশাসনের ভূমিকা ও সুইসাইড নোটের সত্যতা— সব দিক খতিয়ে দেখছে।

মৃত চিকিৎসকের মৃত্যু এখন মহারাষ্ট্রে নারী সুরক্ষা, প্রশাসনিক দায়বদ্ধতা ও রাজনৈতিক প্রভাবের প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!