Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৬, ২০২৬

ছুটির দিনেও সরকারি কাজের গতি বজায় রাখতে নতুন নির্দেশিকা, পালা করে অফিস আসতে হবে কর্মীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ছুটির দিনেও সরকারি কাজের গতি বজায় রাখতে নতুন নির্দেশিকা, পালা করে অফিস আসতে হবে কর্মীদের

রাজ্যের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের ছুটির দিনেও সরকারি কাজ পরিচালনা করতে হয়। তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিতে এ বার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট) বিভিন্ন শাখার কর্মীদেরও শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে পালা করে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা সরকারি প্রয়োজনের কারণে অনেক সময় সপ্তাহান্তের দিন এবং ছুটির দিনেও দফতরের কাজ করেন। ফলে তাঁদের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শাখাগুলিকেও প্রস্তুত থাকতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, দফতরের সব শাখায় শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে ‘রোস্টার ভিত্তিতে’ বা পালা করে ন্যূনতম সংখ্যক কর্মীকে অফিসে উপস্থিত থাকতে হবে। বিজ্ঞপ্তিতে এই কর্মীদের ‘স্কেলিটন স্টাফ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারি কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয় এবং প্রয়োজনের সময়ে দ্রুত প্রশাসনিক সহায়তা পাওয়া যায়, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের পর দফতরের বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যেহেতু কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অধীনে বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের (বিডিও) দফতর রয়েছে, তাই ভবিষ্যতে প্রশাসনের নিম্নস্তরেও একই ধরনের ছুটির দিনের রোস্টার ব্যবস্থা চালু করার নির্দেশিকা জারি হতে পারে।

এদিকে, রাজ্যের অর্থ দফতরও সম্প্রতি সরকারি ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৩ জুন জারি করা ওই আন্তঃদফতর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬ জুন পূর্ণদিবস ছুটি এবং বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ১ জুলাই অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, Negotiable Instruments Act, 1881-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল এই ছুটিগুলির অনুমোদন দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!