Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৭, ২০২৫

পূর্বস্থলীর ভোটার তালিকায় নাম বাংলাদেশের শিক্ষকের

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্বস্থলীর ভোটার তালিকায় নাম বাংলাদেশের শিক্ষকের

বাংলাদেশের শিক্ষকের নাম ভারতের ভোটার তালিকায় ! ভারতে স্ত্রী, পুত্র পরিবার থাকলে কী হবে, বাংলাদেশেই বসবাস ভৃগুরাম দাস নামে ওই ব্যক্তির। সেখানকার স্কুলেই শিক্ষকতা করতেন তিনি। শুধু তাই নয়। তিনি আবার বাংলাদেশেরও ভোটার। কবুল পূর্বস্থলীতে থাকা ভৃগুরাম দাসের পরিবারের। বাংলাদেশের ভোটারের নাম ভারতের ভোটার তালিকায় থাকায় চোখ কপালে তুলছেন অনেকেই। তাই ‘ভুতুড়ে’ ভোটার নিয়ে সরব হয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিধায়কের আরও অভিযোগ, হাজার-হাজার টাকার বিনিময়ে অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার কাজে সক্রিয় বড়সড় চক্র। শুধু তাই নয়, স্ক্রুটিনির পরেও ভোটার তালিকায় এখনও প্রচুর পরিমাণে ত্রুটি থাকায় মৃতদের নামও ভোটার তালিকায় উঠে এসেছে বলে অভিযোগ বিধায়কের।

ভোটার তালিকায় কারচুপি ও ‘ভুতুড়ে’ ভোটার বের করতে দুয়ারে-দুয়ারে ঘুরছেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার সকালে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিদ্যানগর এলাকায় বাড়ি-বাড়ি ঘুরে ভোটার তালিকা ধরে-ধরে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ যখন খোঁজখবর নিচ্ছেন, তখন পাশের বিধানসভা পূর্বস্থলী উত্তরে ‘ভুতুড়ে’ ভোটার নিয়ে এক বাংলাদেশি শিক্ষকের এই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায় শোরগোল পড়ে যায় এলাকায়। বিধায়ক তপনবাবু জানান, কালেখাঁতলা ১নং পঞ্চায়েতের নন্দীগ্রামে ভৃগুরাম দাসের পরিবার রয়েছে। ভৃগুরাম অবশ্য এখানে থাকেন না। বাংলাদেশে থাকেন। সেখানেই তিনি শিক্ষকতার চাকরি করেন। এই রাজ্যের ভোটার তালিকায় ভৃগুরামের নাম রয়েছে। এখানকার ভোটার তালিকায় তার যে নাম রয়েছে সেকথা স্বীকার করে নেন ভৃগুরামের স্ত্রী সুলেখা রানি দাস। ভৃগুরাম তিন বছর আগে একবার পূর্বস্থলী এসেছিলেন। দু-দশক আগে থেকে তাদের এখানে বসবাস। একতলা পাকা বাড়ি সহ কিছু জমিজমাও রয়েছে। ভৃগুরামের এক পুত্র শিফনচন্দ্র দাস পূর্বস্থলীতে টোটো চালায়। ভৃগুরামের স্ত্রী সুলেখার সঙ্গে কথা জানা গেল, ভৃগুরাম এখানেই থাকতেন। যদিও তাদের বিয়ে হয় বাংলাদেশে। ভৃগুরাম এ রাজ্যের ভোটার হন। পরে বাংলাদেশের দাসকান্দি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান তিনি। তারপর থেকেই বাংলাদেশের ঘোলা জেলার চরপেশো এলাকায় থাকতে শুরু করেন। পরে বাংলাদেশের ভোটার হন। তিনি বর্তমানে অবসর নিয়েছেন। এখন গৃহশিক্ষকতা করেন। বিধায়ক তপনবাবুর অভিযোগ, এমন বহু মানুষের নাম ভোটার তালিকায় আছে, যাদের চিনি না, জানিনা, তারা থাকেন না। কেউ আবার হয়তো বাংলাদেশে চাকরি করেন। আবার ভোটার লিস্টে অদ্ভুতভাবে নাম রয়েছে। অনলাইনে ১৫-২০ হাজার টাকা করে নিয়ে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে। বিধায়কের আরও অভিযোগ, এই এলাকার বাসিন্দা নয়, এইরকম কয়েকশো জনের নাম ভোটার তালিকায় রয়েছে। এই নিয়ে তিনি ব্লক প্রশাসনের কাছে যেমন অভিযোগ জানিয়েছেন, তেমনই হাজার-হাজার টাকার বিনিময়ে অনলাইনে ভোটার লিস্টে যারা ‘ভুতুড়ে’ ভোটারদের নাম তুলে দিচ্ছে সেই চক্রকে ধরতে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান তপনবাবু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!