- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৩, ২০২৬
জামিনের আবেদন খারিজ, ভোটের দিন জেলেই থাকবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড়ো ধাক্কা কংগ্রেসের। জামিনের আবেদন খারিজ হওয়ায় ভোটের দিনও জেলেই থাকতে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। কাঁথি আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। নন্দীগ্রামে উপনির্বাচন হবে ৬ অক্টোবর।
পুরনো একটি খুনের মামলায় গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। জোড়া মামলায় এর আগে আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ ছিল। কিন্তু জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় সে মেয়াদ আরও বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। ফলে ৬ অক্টোবর ভোটের দিনও জেলবন্দি অবস্থাতেই থাকতে হবে তাঁকে। তবে উপনির্বাচনের আগে কিছুটা স্বস্তির খবরও পেয়েছেন মিলন প্রধান। যে মামলায় বর্তমানে তিনি গ্রেফতার রয়েছেন, সেটি বাদে তাঁর বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে এই বিষয়টি জানানো হয়।
এরপরই জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন মিলন প্রধান। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান। একইসঙ্গে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় মামলাটির দ্রুত শুনানির জন্য আদালতের কাছে আবেদন করা হয়। আইনজীবীর যুক্তি ছিল, মিলন প্রধান নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী এবং ভোটের দিন ক্রমশ এগিয়ে আসছে। তাই তাঁর জামিনের আবেদন দ্রুত শুনানি করা প্রয়োজন। কিন্তু সে আবেদন খারিজ করে দেয় আদালত। এর আগে সোমবার মিলন প্রধানের আইনজীবী অয়ন ভট্টাচার্য কলকাতা হাই কোর্টে আবেদন করে জানিয়েছিলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে থাকা বাকি পাঁচটি মামলায় যাতে ‘শোন অ্যারেস্ট’ না করা হয়, সে রক্ষাকবচ দেওয়া হোক।
উল্লেখ্য, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন এবং পরবর্তী সময়ের ঘটনাকে কেন্দ্র করে মিলন প্রধানের বিরুদ্ধে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বলে জানা গিয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে সেই মামলাগুলির মধ্যে একটি মামলাতেই তিনি জেলবন্দি রয়েছেন। ফলে ৬ অক্টোবর নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মিলন প্রধানের ভোটের দিন জেলে থাকা নিশ্চিত হয়েছে। ৭ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজত থাকায় ভোটের পরের দিন পর্যন্তও জেলেই থাকতে হবে তাঁকে।
❤ Support Us





