Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১২, ২০২৩

দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম বার্ষিকী।কর্ণাটকে আজই জাতীয় যুব সম্মেলনের সূচনা করবেন মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম বার্ষিকী।কর্ণাটকে আজই জাতীয় যুব সম্মেলনের সূচনা করবেন মোদি

স্বামী বিবেকানন্দের সাড়ম্বরে পালনে উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এই উপলক্ষে কর্ণাটকে জাতীয় যুব সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এছাড়াও দেশের তরুণ প্রজন্ম যাতে বিবেক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে তার জন্য আয়োজিত হবে তাঁর জীবন কেন্দ্রিক একাধিক অনুষ্ঠান।

জাতীয় যুব দিবস পালনের মূল উদ্দেশ্যই হল দেশের সাধারণ মানুষকে তাঁর অধিকার সম্পর্কে সজাগ করা। মানুষ যাতে এ সংক্রান্ত তথ্য খুব সহজেই পায় তা সুনিশ্চিত করা। বিবেকানন্দ জাতিগঠনের জন্য মানুষ বিশেষত তরুণ প্রজন্মের চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়েছিলেন। আর তা সম্ভব হয় সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমেই। তাঁর কথায় ‘শিক্ষা হল মানুষের মধ্যেকার অন্তর্নিহিত পূর্ণতার বহিঃপ্রকাশ’। সেই পূর্ণতার সঠিক পথে প্রকাশিত হওয়ার জন্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন গৈরিক বসন পরিহিত এই সন্ন্যাসী। শিক্ষাই পারে সাধারণ মানুষকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তাকে নববলে বলীয়ান করতে। তাঁর নিজের গুরুর নামাঙ্কিত সেবামূলক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানটিও এই লক্ষ্যে কাজ করে চলেছে শতবর্ষেরও বেশি সময় ধরে।

১৯৮৪ সালে ভারত সরকার তাঁর জন্মদিন ১২ জানুয়ারি তারিখটিকে যুব দিবস রূপে পালন করবার কথা ঘোষণা করে। তারপরের বছর ১৯৮৫ সাল থেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ও তাঁর আদর্শকে স্মরণে রেখে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। এবছর যুব দিবসের স্বীকৃত পঙক্তি হল ‘বিকশিত যুব বিকশিত ভারত’। বিবেক স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে  বিতর্ক সভা, যুব কনভেনশন, সংগীতানুষ্ঠান, প্রবন্ধ ও ক্রীড়া প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠান সারা দেশেই  আয়োজিত হবে বলে জানায় কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের পাশাপাশি  পশ্চিমবঙ্গ সরকারও আয়োজন করতে চলেছে একাধিক অনুষ্ঠান। ইতিমধ্যেই গত কাল নিউ টাউনে রামকৃষ্ণ মিশন সেণ্টার ফর হিউম্যান এক্সেলেন্স অ্যাণ্ড সোশ্যাল সায়েন্সেস এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি বিবেকানন্দের জন্ম জয়ন্তীতেই কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার গঙ্গাসাগর মেলার সূচনায় মুখ্যমন্ত্রী বলেন, মহাপুরুষেরা সবসময়ই মনুষ্যত্বকে গুরুত্ব দিয়েছেন সবথেকে বেশী। বিবেকানন্দের বাণীতেও সেই কথাই স্পষ্ট। সেই আদর্শ মেনেই সমাজের এগিয়ে চলা উচিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!