Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৩, ২০২৫

বিহার নির্বাচনে এনডিএ–র আসন সমঝোতা চূড়ান্ত, বিজেপি ও নীতীশের দল লড়বে ১০১টি করে আসনে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিহার নির্বাচনে এনডিএ–র আসন সমঝোতা চূড়ান্ত, বিজেপি ও নীতীশের দল লড়বে ১০১টি করে আসনে

‌কয়েক সপ্তাহ ধরে টানাপোড়েনের পর অবশেষে বিহারের আসন নিয়ে সমঝোতায় পৌঁছল এনডিএ জোট। জোটের দুই প্রধান শরিক নীতীশ কুমারের জনতা দল (‌ইউনাইটেড)‌ ও বিজেপি ২৪৩ আসনের মধ্যে ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৯টি আসন ছেড়ে দেওয়া হয়েছে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (‌রাম বিলাস)‌–কে। উপেন্দ্র কুশওয়াহার জাতীয় লোক মোর্চা এবং জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ৬টি করে আসনে লড়াই করবে। বিহার নির্বাচনের দায়িত্বে থাকা বিজেপি–র কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন বন্টনের কথা জানিয়েছেন।
চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) জন্য দীর্ঘদিন ধরে আসন বন্টনের বিষয়টি ঝুলে ছিল। বিজেপি–র আঞ্চলিক মিত্র দলটি ৪০–৪৫টি আসন দাবি করে আসছিল। কিন্তু বিজেপি ২৫টির বেশি আসন দিতে রাজি ছিল না। লোক জনশক্তি দলের নেতারা ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁদের দাবি মানা না হলে নির্বাচনে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির সঙ্গে জোট বাঁধবেন। এরপর চিরাগ পাসোয়ানের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেন বিহার নির্বাচনের দায়িত্বে থাকা বিজেপি–র ধর্মেন্দ্র প্রধান। অবশেষে ২৯ আসনে রফাসূত্র বার হয়েছে। লোক জনশক্তি পার্টির দাবি মানতে গিয়ে বিজেপি ও জনতা দল ইউনাইটেডকে নিজেদের আসন ছাড়তে হয়েছে।
২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড ১১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অন্যদিকে, বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১১০টি আসনে। ২০২৪ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে জেতা ৫টি লোকসভা আসন এবং ২০২০ সালের বিধানসভা নির্বাচনে তাদের পারফরমেন্সের ভিত্তিতে লোক জনশক্তি পার্টির আসন সংখ্যা বন্টনের দাবি শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে বিজেপিকে। সাধারণ নির্বাচনে লোক জনশক্তি পার্টির সাফল্য ছিল ১০০ শতাংশ। ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৫ জনই জিতেছিলেন। চিরাগ পাসোয়ান প্রস্তাব দিয়েছিলেন, তাঁর দলের অধীনে থাকা ৫টি লোকসভা আসনের প্রতিটিতে কমপক্ষে দুটি করে বিধানসভা আসন বরাদ্দ করা হোক। দলের সিনিয়র নেতাদের জন্যও আসনের অনুরোধ করা হয়েছে।
আসন বন্টনের কথা ঘোষণা করে ধর্মেন্দ্র প্রধান এক্স–এ লিখেছেন, ‘এনডিএ–র জোটসঙ্গীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন বণ্টন সম্পন্ন করেছে। এনডিএ দলের সকল কর্মী এবং নেতারা এই সিদ্ধন্তকে স্বাগত জানিয়েছেন। আবার এনডিএ সরকার গঠন করার জন্য বিহার তৈরি।’‌ রবিবার দিল্লিতে বিজেপি–র শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর এই আসন বন্টন চূড়ান্ত হয়।
এদিকে, বিরোধী দল ইন্ডিয়া ব্লক জোটে আসন বন্টন নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে। জোটের পক্ষ থেকে অবশ্য বিরোধের কথা অস্বীকার করেছে। আরজেডি নেতা বীরেন্দ্র বলেছেন, ‘‌সবকিছু ঠিকঠাক আছে। আসন বন্টন সম্পন্ন হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে সবকিছু ঘোষণা করা হবে।’‌
‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!