- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১২, ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল নিট ইউজি। নতুন পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই
দেশজুড়ে তীব্র বিতর্কের মাঝে অবশেষে বাতিল করা হল নিট ইউজি ২০২৬ পরীক্ষা। ৩ মে অনুষ্ঠিত হওয়া এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসার পরেই বড় সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কেন্দ্রীয় সরকারের অনুমোদনে জানানো হয়েছে, ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে।
এনটিএ-র তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্য ও প্রাথমিক তদন্তের রিপোর্ট খতিয়ে দেখার পর পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সেই কারণেই ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি ২০২৬ পরীক্ষাকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় বলে মত সংস্থার। পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখতেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিএ।
তদন্তে উঠে এসেছে, রাজস্থানে একটি তথাকথিত ‘গেস পেপার’-এর সঙ্গে আসল প্রশ্নপত্রের ১০০-রও বেশি প্রশ্নের মিল পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ইতিমধ্যেই একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে এবং ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে বলে খবর। তদন্তকারীদের অনুমান, একটি আন্তঃরাজ্য চক্র প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকতে পারে।
এই সিদ্ধান্তে ধন্দে পড়েছেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবার। নতুন করে পরীক্ষার প্রস্তুতি, কাউন্সেলিংয়ের সময়সূচি এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এনটিএ জানিয়েছে, পুনরায় পরীক্ষার দিনক্ষণ ও নতুন নির্দেশিকা খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপরই ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে।
❤ Support Us





