Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৫, ২০২৬

প্রশ্নফাঁসে বাতিল নিট-ইউজি ২০২৬ এর নতুন সূচি, পরীক্ষা ২১ জুন

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রশ্নফাঁসে বাতিল নিট-ইউজি ২০২৬ এর নতুন সূচি, পরীক্ষা ২১ জুন

প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগের জেরে বাতিল হয়ে গিয়েছে নিট -ইউজি ২০২৬ পরীক্ষা। এবার পুনরায় সেই পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ । সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন, রবিবার ফের অনুষ্ঠিত হবে নিট -ইউজি ২০২৬।

গত ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট -ইউজি ২০২৬ পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির রিপোর্ট এবং প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য খতিয়ে দেখে কেন্দ্রের অনুমোদন নিয়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় এনটিএ ।

সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে না। আগের রেজিস্ট্রেশন, পরীক্ষাকেন্দ্র এবং ক্যান্ডিডেটশিপ বহাল থাকবে। পুনরায় পরীক্ষার জন্য অতিরিক্ত কোনও ফি-ও নেওয়া হবে না। খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড, পরীক্ষার সূচি এবং প্রয়োজনীয় নির্দেশিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিএ ।

এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেক পড়ুয়া পরীক্ষার পর বাড়ি ফিরে গেলেও এখন ফের প্রস্তুতিতে মন দিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন কোচিং সেন্টার নতুন করে রিভিশন ক্লাস এবং মক টেস্ট শুরু করেছে। তবে অল্প সময়ের মধ্যে আবার প্রস্তুতি নেওয়া নিয়ে মানসিক চাপ ও উদ্বেগ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে।

অন্যদিকে, নিট -ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলার তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যেই একাধিক রাজ্যে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রশ্নপত্র হাতে লিখে কপি করে স্ক্যানের মাধ্যমে পিডিএফ আকারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে সেই প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়। এই চক্রের সঙ্গে কারা জড়িত, তা জানতে জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!