Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৫

হিমালয়ে প্রবল তুষারপাত । আটকে কয়েক হাজার পর্যটক, উদ্ধার কাজ শুরু নেপাল সেনাবাহিনীর

আরম্ভ ওয়েব ডেস্ক
হিমালয়ে প্রবল তুষারপাত । আটকে কয়েক হাজার পর্যটক, উদ্ধার কাজ শুরু নেপাল সেনাবাহিনীর

প্রবল তুষারপাতে নেপালে হিমালয়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। তাদের মধ্যে ১৫০০ জনেরও বেশি পর্যটককে উদ্ধার করল নেপাল সেনাবাহিনী। তুষারপাতের কারণে পথ বন্ধ হয়ে যাওয়ায় এবং পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ায় তিলিচো হ্রদের দিকে ট্রেকিং করতে যাওয়া শত শত পর্যটক বেস ক্যাম্প থেকে ফিরে এসেছেন।

ভারী তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মানাংয়ের উঁচু এলাকায় অসংখ্য পর্যটক আটকে পড়েন। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য নেমে পড়ে নেপালের নিরাপত্তা বাহিনী। নেপাল সেনাবাহিনীর ঘোষণা অনুসারে, প্রবল তুষারপাতের কারণে গোটা পথ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি চরম বিপজ্জনক হয়ে ওঠে। এরপর ৪৯১৯ মিটার উচ্চতায় অবস্থিত তিলিচো হ্রদের (৪,৯১৯ মিটার) দিকে ট্রেকিং করা কয়েক শপর্যটক বেস ক্যাম্প থেকে ফিরে এসেছেন।

নেপাল সেনাবাহিনী এক্স–এ এক পোস্টে জানিয়েছে, ‘‌মানাং জেলার বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাতের কারণে অনেক পর্যটক আটকে পড়েছেন। নিউ ভৈরবিদল গুলম থেকে একটা উদ্ধারকারী দল স্থানীয় প্রশাসন, নির্বাচিত প্রতিনিধি, সশস্ত্র পুলিশ বাহিনী, নেপাল পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১৫০০ জনকে নিরাপদ স্থানে পৌঁছতে সাহায্য করেছে। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে ২০০ জনেরও বেশি বিদেশি রয়েছেন।’‌

স্থানীয় কর্তারা জানিয়েছেন, গত দু’‌দিনে প্রায় ৮০০ থেকে ৯০০ পর্যটক তিলিচো বেস ক্যাম্প থেকে ফিরে এসেছেন। এনজিসিয়াং গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান চ্যোলপা গুরুং সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘‌উচু অঞ্চলে ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ। প্রায় এক হাজার পর্যটক তিলিচো হ্রদের আগে শেষ বসতি খাংসারে নেমে এসেছেন। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আরও অনেকে নেমে আসছেন।’‌

মানাং জেলা প্রশাসনও জানিয়েছে যে, বরফ পরিষ্কারের চেষ্টা করা হচ্ছে, এবং পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করার কথা বলা হয়েছে। মানাংয়ের প্রধান জেলা কর্তা (সিডিও) নব রাজ পৌডিয়াল বলেছেন, ‘‌পথ পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রবল তুষারপাতের কারণে কাজে ব্যাঘাত ঘটছে। যে সব ট্রেকার এবং পর্যটকদের এখনও নিচু এলাকায় রয়েছেন, তাদের এই সপ্তাহের শেষ নাগাদ ভ্রমণ পরিকল্পনা বাতিল করার জন্য অনুরোধ করেছি। রাস্তা পরিষ্কার এবং উদ্ধার অভিযানের জন্য জেলাস্তরের নিরাপত্তা টাস্ক ফোর্স মোতায়েন করা হয়েছে।’‌ রাস্তার অবরুদ্ধ অংশ পরিষ্কার করার জন্য বেলচা এবং খননকারী যন্ত্র নিয়ে নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। কিছু এলাকায় মোটরবাইক চলাচল শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!