Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ১৩, ২০২৫

একই ছবিতে ট্রাম্প, ক্লিনটন, গেটস । এপস্টেইন-এর‌ ছবি ঘিরে নয়া বিতর্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
একই ছবিতে ট্রাম্প, ক্লিনটন, গেটস । এপস্টেইন-এর‌ ছবি ঘিরে নয়া বিতর্ক

জেফ্রি এপস্টেইনকে ঘিরে বিতর্ক আবারও তীব্র আকার নিল। আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের এস্টেট থেকে প্রকাশিত নতুন কিছু ছবিতে ফের উঠে এসেছে প্রাক্তন ও বর্তমান মার্কিন নেতৃত্বের নাম। শুক্রবার হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা মোট ১৯টি নতুন ছবি প্রকাশ করেছেন। এই ছবিগুলির মধ্যেই তিনটি ছবিতে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রকাশিত ছবিগুলিতে আরও দেখা গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট তথা তাঁর দীর্ঘদিনের সহযোগী স্টিভ ব্যাননকে। ছবিগুলি কোথায়, কখন তোলা হয়েছিল বা কে তুলেছিলেন—সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য নেই। তবে হাউস ওভারসাইট কমিটির দাবি, এপস্টেইন এস্টেট থেকেই এই সমস্ত ছবি সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, প্রভাবশালী ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতন, যৌন ব্যবসার উদ্দেশ্যে নারী ও নাবালিকা পাচার এবং নাবালিকাদের উপর যৌন অত্যাচার-সহ একাধিক গুরুতর অভিযোগ ছিল। ২০১৯ সালে তাঁকে গ্রেফতার করা হয়। পরে নিউইয়র্কের ম্যানহাটন জেলে বন্দি অবস্থায় তাঁর মৃত্যু হয়, যা সরকারিভাবে আত্মহত্যা বলে জানানো হয়। তবে তাঁর মৃত্যুর পরেও এপস্টেইন-কাণ্ড ঘিরে বিতর্ক থামেনি।

এর আগেও এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের একাধিক ছবি প্রকাশ্যে এসেছিল। যদিও ‘এপস্টেইন ফাইল’ প্রকাশের ঘোর বিরোধিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবুও মার্কিন আইনসভার দুই কক্ষেই ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ পাস হয়েছে, যার ফলে ধাপে ধাপে নথি ও ছবি প্রকাশ করা হচ্ছে।

শুক্রবার প্রকাশিত ছবিগুলির মধ্যে একটি বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। ওই ছবিতে একটি কন্ডোমের প্যাকেটের সঙ্গে ট্রাম্পের মুখের একটি ব্যঙ্গচিত্র দেখা যায়। প্যাকেটটিতে প্রতিটির দাম ৪.৫ ডলার লেখা ছিল এবং ট্রাম্পের মুখের ছবির নিচে লেখা ছিল—‘আই অ্যাম হিউজ’।

এদিকে, ছবি প্রকাশের পর রিপাবলিকান নেতৃত্বাধীন ওভারসাইট কমিটির এক মুখপাত্র দাবি করেছেন, কমিটি মোট ৯৫ হাজার ছবি পেয়েছে, কিন্তু ডেমোক্র্যাটরা সেখান থেকে হাতে গোনা কয়েকটি ছবি প্রকাশ করেছে। তাঁর দাবি, প্রকাশিত ছবিগুলিতে তেমন কোনও আপত্তিকর বিষয় নেই।

অন্যদিকে, ওভারসাইট কমিটির প্রভাবশালী ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত সমস্ত ফাইল সম্পূর্ণভাবে প্রকাশ করা প্রয়োজন। তাঁর মতে, সত্য উদ্ঘাটনের জন্য পূর্ণ স্বচ্ছতাই একমাত্র পথ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!