Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিউ টাউনের অভিজাত আবাসনে জল দূষণের অভিযোগ, ডায়রিয়ায় আক্রান্ত ৩০০-র বেশি বাসিন্দা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউ টাউনের অভিজাত আবাসনে জল দূষণের অভিযোগ, ডায়রিয়ায় আক্রান্ত ৩০০-র বেশি বাসিন্দা

মধ্যপ্রদেশের ইন্দোর বা হরিয়ানার পালওয়ালের মতোই এবার দূষিত জলের সমস্যায় জর্জরিত নিউ টাউনের একটি অভিজাত আবাসন। অভিযোগ, গত তিন সপ্তাহ ধরে আবাসনের ই-ব্লকের তিন শতাধিক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

আবাসনে মোট ৫২২ জন বাসিন্দা থাকেন। তাঁদের দাবি, ই-ব্লকের প্রায় প্রতিটি ফ্ল্যাটেই অন্তত একজন করে পেটব্যথা, বমি ও উচ্চ জ্বরে ভুগছেন। অনেকের ক্ষেত্রেই চিকিৎসকেরা দূষিত জলকে অসুস্থতার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।
এক বাসিন্দার অভিযোগ, তাঁর দুই মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, দূষিত জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে। তিনি জানান, কল খুললেই দুর্গন্ধযুক্ত হলুদ জল বেরোচ্ছে। বারবার আবাসন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় প্রতিটি বিল্ডিংয়েই কেউ না কেউ অসুস্থ। তাঁর মেয়েও এখনও পেটের সমস্যায় ভুগছে, পরিবারের তিন সদস্য ডায়রিয়া ও পেটের সংক্রমণে আক্রান্ত। তাঁর কথায়, ‘এত মানুষ একসঙ্গে অসুস্থ হওয়া কাকতালীয় হতে পারে না—জল নিশ্চয়ই দূষিত।’ বাসিন্দাদের অভিযোগ, আবাসনের ওভারহেড ট্যাঙ্কের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়াতেই জল দূষিত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিষয়টি উপেক্ষা করেছে। পরিস্থিতি জটিল আকার নেওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা টেকনো সিটি পুলিশ স্টেশন-এ লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার পুলিশ আবাসনে গিয়ে পরিদর্শন করে এবং ফেসিলিটি ম্যানেজমেন্টকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

এদিকে এত সংখ্যক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে তৎপর হয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা  এনকেডিএ। সংস্থার এক আধিকারিক জানান, নিয়মিত প্রতি সপ্তাহে জলের গুণমান পরীক্ষা করা হয় এবং গত সপ্তাহ পর্যন্ত রিপোর্টে কোনও দূষণের প্রমাণ মেলেনি। তবে নতুন করে অভিযোগ পাওয়ার পর আবার জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন খতিয়ে দেখা হবে, সরবরাহকৃত জলে দূষণ রয়েছে কি না, নাকি সংরক্ষণ ব্যবস্থার অভ্যন্তরীণ কোনো ত্রুটি থেকে এই সমস্যা তৈরি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!