- দে । শ
- মে ১১, ২০২৬
আগামী সোমবার মন্ত্রিসভায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) কবে মিটবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ও আন্দোলন চলছে। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সেই বিষয়েই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকেই ডিএ, বেতন কমিশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতনের বিষয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়, বেতন কমিশন, এরিয়ার, ডিএর বিষয় যে রয়েছে, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে তা আলোচনা করব।”
সোমবারের বৈঠকে কেন ডিএ নিয়ে সিদ্ধান্ত হয়নি, সে বিষয়েও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকার গঠনের পর সোমবারই ছিল প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস। প্রশাসনিক দফতরগুলির যে নথিপত্র প্রস্তুত ছিল, তার ভিত্তিতেই এ দিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ডিএ-সহ বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরবর্তী বৈঠকের জন্য রাখা হয়েছে।
বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। সেই প্রতিশ্রুতির কারণেই নতুন সরকারের প্রথম বৈঠক থেকেই ডিএ নিয়ে কর্মচারীদের প্রত্যাশা ছিল তুঙ্গে।
রাজ্যে মহার্ঘ ভাতা নিয়ে বিরোধ বহুদিনের। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য ১৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই সময় তাঁর এক মন্তব্যে ঘিরে বিতর্ক তৈরি হয়। বিরোধীরা অভিযোগ তোলেন মন্তব্যটি সরকারি কর্মচারীদের প্রতি অসম্মানজনক। এমনকি কলকাতা হাইকোর্টও ওই মন্তব্যকে “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেছিল।
এরপর থেকেই ডিএ-র দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়। শিক্ষক ও সরকারি কর্মচারীদের একাংশ পথে নেমে বিক্ষোভ দেখান। সেই সময় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী আন্দোলনরত কর্মচারীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছিলেন।
ডিএ সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্ট সরাসরি বকেয়া ডিএ মেটানোর চূড়ান্ত নির্দেশ না দিলেও একাধিক পর্যায়ে শুনানি হয়েছে। শিক্ষামহলের অভিযোগ, শিক্ষকদের ‘গ্রান্ট ইন এড’ সংক্রান্ত বিষয়েও আগের সরকার গড়িমসি করেছিল। এমনকি সর্বশেষ বাজেটে ঘোষিত অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতাও বহু কর্মচারীর হাতে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
এই পরিস্থিতিতে আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও শিক্ষক। সেখানেই ডিএ, এরিয়ার এবং সপ্তম বেতন কমিশন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
❤ Support Us





