Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১১, ২০২৬

১৯ নম্বর জাতীয় সড়কে ধস, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো গার্ডওয়াল। ব্যাহত যানচলাচল

আরম্ভ ওয়েব ডেস্ক
১৯ নম্বর জাতীয় সড়কে ধস, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো গার্ডওয়াল। ব্যাহত যানচলাচল

১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস। আকস্মিক এ ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। বন্ধ যান চলাচল। চরম ভোগান্তির শিকার মানুষজন। কয়েক মাস আগে সম্প্রসারিত হওয়া জাতীয় সড়কে এমন বিপর্যয়ের কারণ হিসেবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। আর তৃণমূল নেতৃত্ব দুষছেন বিজেপিকে।

বুধবার সকাল দশটা নাগাদ হঠাৎই ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমান অভিমুখী লেনের মেমারির সরডাঙ্গা এলাকায় গার্ডওয়াল ধসে বিপত্তি ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ ও ডিএসপির ট্রাফিক আশিস মণ্ডল। এরপর ওই লেনের যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় পুলিশ।  ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে অবশ্য সার্ভিস রোড ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় বাসিন্দা জয়দেব সিংহরায়ের অভিযোগ, মাত্র তিন মাস হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল গার্ডওয়াল। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। তাই এই পরিণতি। আমরা ভালো রাস্তা চাই।  ডি এস পি ট্রাফিক আশিস মণ্ডল জানিয়েছেন, ফ্লাইওভারের সাইড লেন ধসে গেছে। ফলে থার্ড লেনটাও একটু ভেঙে গেছে। ৪০ ফুটের মতো ভেঙেছে। জানা গেল, জায়গাটি জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর কলকাতার অধীনে রয়েছে। তাদের হাইওয়ে পেট্রোল টিম এসে দেখে গিয়েছেন। এবার বিশেষজ্ঞরা এসে দেখবেন কী জন্য এই বিপর্যয় হল।

এদিকে জাতীয় সড়কের গার্ডওয়াল এইভাবে ভেঙে পড়া নিয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ‘এই রাস্তা সম্প্রসারণ কাজ শুরু হওয়ার সময় থেকেই স্থানীয় মানুষরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিলেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে বলে। অনেক সময় তারা বিক্ষোভও দেখিয়েছেন। আর এরই মাঝে বিজেপির ছোট বড় নেতারা সমঝোতা করে কাটমানি খেয়েছেন। তাই আজ এত বড় বিপর্যয়। আমরা এর নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!