- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৯, ২০২৬
নিতিন নবীনের মনোনয়ন দাখিল, মঙ্গলবার থেকেই গেরুয়া শিবিরের দায়িত্বে নতুন ‘সেনাপতি’?
বিজেপির জাতীয় সভাপতির নির্বাচনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলের সংবিধান অনুযায়ী পরিচালিত এই অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া তৃণমূল স্তর থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় স্তরে সম্পন্ন হয়েছে। সোমবার, বিজেপির প্রভাবশালী নেতা নিতিন নবীন–এর পক্ষে মোট ৩৭ সেট মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ৩৬টি মনোনয়নপত্র এসেছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। আর একটি মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি ন্যাশনাল কাউন্সিল ও পার্লামেন্টারি পার্টি। এতে প্রস্তাবক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বর্তমান দলীয় সভাপতি জে পি নাড্ডা এবং আরও ২০ জন জ্যেষ্ঠ কেন্দ্রীয় নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি মনোনয়নপত্রে ২০ জন করে প্রস্তাবকের স্বাক্ষর রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া বিকেল ৪টায় শেষ হয়েছে। প্রত্যাহারের সময়সীমা বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে নির্ধারিত হয়েছে। বিজেপির এই নির্বাচন ‘অর্গানাইজেশন পর্ব ২০২৪’-এর চূড়ান্ত ধাপ। দেশজুড়ে মোট ১০,৭০,৪৬২টি বুথের মধ্যে ৭,৮৮,১৯৭টি বুথে প্রেসিডেন্ট নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি ৮৯,৪৭,৮৪৫ জন বুথ কমিটি সদস্য গঠন করা হয়েছে, যা তৃণমূল স্তরের কাজের ৭৪ শতাংশ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয়। মণ্ডল স্তরে ১৭,৭৪৩টি মণ্ডলের মধ্যে ১৬,৪৬৯টিতে মণ্ডল সভাপতির নির্বাচন সম্পন্ন হয়েছে। তরুণ নেতৃত্বকে উৎসাহিত করার জন্য এই পদে ৪৫ বছরের নিচে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে এবং এ স্তরের প্রক্রিয়া ৯৩ শতাংশ সম্পন্ন হয়েছে। রাজ্য সভাপতি পর্যায়ের নির্বাচনের প্রক্রিয়া ৩৭টি সাংগঠনিক রাজ্যের মধ্যে ৩০টিতে শেষ হয়েছে। স্টেট কাউন্সিলের ক্ষেত্রে নির্ধারিত ৬,৩৮৪ জন সদস্যের মধ্যে ৪,৯৩২ জন নির্বাচিত হয়েছেন, যা ৮০ শতাংশ সম্পন্নতার প্রতিফলন। জাতীয় স্তরে ৮১৫টি আসনের মধ্যে ৭৪১টিতে ন্যাশনাল কাউন্সিল সদস্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে, যা ৯২ শতাংশ সম্পন্নতার ইঙ্গিত দেয়। এই সব নির্বাচনের ভিত্তিতে বিজেপি সংবিধান অনুযায়ী ‘ইলেক্টোরাল কলেজ’ গঠন করেছে। এতে রয়েছেন পার্লামেন্টারি পার্টির ৩৫ জন মনোনীত সদস্য, ৭৪১ জন নির্বাচিত ন্যাশনাল কাউন্সিল সদস্য এবং ৪,৯৩২ জন নির্বাচিত স্টেট কাউন্সিল সদস্য— মোট ৫,৭০৮ জন।
নতুন যুগের তরুণ নেতৃত্বকে সামনে আনতেই এবার ৪৫ বছরের নিতিন নবীনের নাম বিজেপির জাতীয় সভাপতির আসনে অনানুষ্ঠানিকভাবে চূড়ান্ত বলে মনে করছেন দলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার সকাল ১১টায় দিল্লির বিজেপি সদর দপ্তরে প্রায় ৭০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে নিতিন নবীনকে বিজেপির নতুন জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে, নিতিন নবীন হবেন দলের সর্বকনিষ্ঠ সভাপতি, যা অন্য নেতাদের তুলনায় এক নতুন রাজনৈতিক ভারসাম্যও তৈরি করতে পারে। আর এই পরিস্থিতি দ্বিতীয় সারির নেতাদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে। ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব ও নির্মলা সীতারামের মতো নেতা মনে করছেন, তরুণ নেতৃত্বের দাপটে তাদের কার্যক্রম ও রাজনৈতিক গুরুত্ব কমে যেতে পারে। দলের নতুন সভাপতির জন্য এই ক্ষোভ প্রশমিত করাও বিজেপির কাছে বড়ো চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, বিজেপির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যেই ৫ রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে। অসম ও পুদুচেরি বাদ দিলে বাকি ৩ রাজ্যে বিজেপির জন্য ক্ষমতা দখল চ্যালেঞ্জিং হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পশ্চিমবঙ্গের দিকে নেতৃত্বের নজর বিশেষ, যেখানে অতীতে বারবার ‘বঙ্গ বিজয়’-এর চেষ্টা ব্যর্থ হয়েছে। নতুন সভাপতির হাত ধরে এই দীর্ঘ দিনের রাজনৈতিক স্বপ্ন পূরণ হবে কি না, সেটাই এখন দল ও রাজনৈতিক মহলের মূল প্রশ্ন।
❤ Support Us







