- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ৭, ২০২৪
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার ঢাকার বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রস্তাবে সহমত প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
পরে সংবাদমাধ্যমকে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন এর প্রেসসচিব জয়নাল আবেদিন বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হচ্ছে । এর আগেই আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামও জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে নোবেল জয়ীর কথা হয়েছে এবং তিনি উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
হাসিনা সরকারের আমলে নানা মামলায় নাম জড়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদের। শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছ’মাসের কারাদণ্ড ঘোষণা করা হয় মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে । তাতে জামিন পেলেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ২০০টি মামলা করে সে দেশের সরকার। সেইসময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন সহ ১০০ জনেরও বেশি নোবেলজয়ী-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৭০ জন বিচারের নামে ইউনূসের ওপর হয়রানি বন্ধ করতে হাসিনাকে চিঠিও লেখেন।
এর আগে একবার প্রত্যক্ষ রাজনীতিতে আসার বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম প্রস্তাবিত হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে সামরিক বাহিনী ক্ষমতা এলে, ইউনূসকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব এড়িয়ে যান তিনি। তবে এবার বাংলাদেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে, সেখানকার জনগণকে নতুন দিশা দেখাতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে রাজি হয়েছেন মুহম্মদ ইউনূস।
❤ Support Us






