- দে । শ
- মে ১১, ২০২৩
“লটারির টাকায় নবজোয়ার”, শুভেন্দুর অভিযোগের তথ্যপ্রমাণ চাইল তৃণমুল
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের “তৃণমূলে নবজোয়ার” কর্মসূচি চলছে ডিয়ার লটারি টাকায় ! শুভেন্দুর এই অভিযোগকে খণ্ডন করে পাল্টা কটাক্ষ করে তৃণমূল বলেছে, তাহলে শুভেন্দু অধিকারী এই অভিযোগের তথ্যপ্রমাণ দিন। তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা মুখপাত্র শান্তনু সেন শুভেন্দুর এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেছেন, বিরোধী দলনেতাকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে। না হলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। শুভেন্দু এর আগে নাম না করে ডিয়ার লটারির টাকা তৃণমূলের ঘরে যায় বলে একাধিকবার অভিযোগ করেছেন।
সম্প্রতি হুগলির উত্তরপাড়ায় বিজেপির এক জনসভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী দাবি করেন, “তৃণমূলের নয়া কর্মসূচির খরচ আসছে ডিয়ার লটারি থেকে। সেই সংক্রান্ত কাগজও তাঁর কাছে আছে বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, ডিয়ার লটারি প্রতি মাসে তৃণমূলকে ২৫-৩০ কোটি টাকা দেয় ইলেকশন বোনদের নাম। আয়কর দফতরে ডিয়ার লটারি এই তথ্য দিয়েছে বলেও শুভেন্দু দাবি করেন ওই সভা থেকে। এরপর শুভেন্দু বলেন, “চলছে নবজোয়ার, যাচ্ছি আমি তিহাড়! টাকা কে দিচ্ছেন জানেন? ডিয়ার লটারি। আয়কর দফতরকে জানিয়েছে, প্রতি মাসে তারা ২৫-৩০ কোটি টাকা এসবিআইয়ের মাধ্যমে তৃণমূলের ইলেক্টোরাল বন্ডে দিচ্ছে। আমি ডকুমেন্ট পেয়ে গিয়েছি।” এর পর শুভেন্দু এক প্রকার তৃণমূল, বাংলার জনগণ এবন্দ ডিয়ার লটারিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা, এটা আমরা বন্ধ করব। সাবধান ডিয়ার লটারি, সাবধান পশ্চিমবঙ্গের জনগণ, সাবধান তৃণমূল।”
শুভেন্দু অধিকারীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রতিবাদ করতে নেমে বলেন, “উনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগের জবাব ও প্রমাণ ওঁনাকেই দিতে হবে।না হলে আমরা ছাড়ব না। যাঁকে টিভির পর্দায় হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁর মুখে এ সব কথা মানায় না। এই ধরনের কথা যিনি বলছেন, তাঁর উপর রাজ্যের মানুষের কোনও রকমের আস্থা নেই।”
অনুব্রত মণ্ডল বেশ কয়েকবার ডিআর লটারির পুরস্কার পাওয়ার পর বাংলার রাজনীতিতে নতুন সংযোজন ডিয়ার লটারি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের দাবি, চলতি বছরে লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়কের স্ত্রী কিছুদিন আগে ডিয়ার লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছিলেন। ২০১৭ সালে গরু পাচারে অভিযুক্ত এনামুল হক ডিয়ার লটারির এক কোটি টাকা পুরস্কার জিতেছিলেন। বিরোধীদের প্রশ্ন এখানেই ছিল, কি ভাবে বারবার তৃণমূলের নেতা ও ঘনিষ্টরাই ডিয়ার লটারির পুরস্কার পাচ্ছেন? এবার শুভেন্দু সরাসরি ডিয়ার লটারির টাকায় অভিষেকের নবজোওয়ার যাত্রা হচ্ছে বলে অভিযোগ করলেন, দাবি করলেন তাঁর হাতে প্রমাণ আছে।
❤ Support Us





