Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২২, ২০২৬

রামমন্দিরে প্রণামী চুরি, শ্লেষ এলাহাবাদ হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
রামমন্দিরে প্রণামী চুরি, শ্লেষ এলাহাবাদ হাই কোর্টের

অযোধ্যার রামমন্দিরে প্রণামীর নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য ক্ষোভের অভাব সমাজের মৌলিক নৈতিকতার অবক্ষয়েরই প্রতিফলন বলে মন্তব্য করেছেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অতুল শ্রীধরন। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে ‘ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল ২০২৫’-এর প্রতিবেদনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘ওই প্রতিবেদনে ১৮২ দেশের মধ্যে ভারতের স্থান ৯১-এ। তা সত্ত্বেও আমরা লজ্জিত নই।’’ ‘সহ্যের সব সীমা ছাড়িয়ে যাওয়ার’ ঘটনার সঙ্গে রামমন্দিরে প্রণামী চুরিকে তুলনা করেছেন বিচারপতি শ্রীধরন।

উচ্ছেদ-সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে বিচারপতি শ্রীধরন অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, যে সমাজ রামমন্দিরের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রণামীর অর্থ চুরির ঘটনায়ও বিচলিত হয় না, সেই সমাজের মানুষের নৈতিক বোধ গভীর সংকটে রয়েছে। তাঁর মতে, এই ঘটনা ভারতীয় সমাজের নৈতিক সততার অধঃপতনের একটি উদ্বেগজনক উদাহরণ।

উল্লেখ্য, গত ৭ জুন প্রথম অযোধ্যার রামমন্দিরে প্রণামীর অর্থ ও সামগ্রী চুরির ঘটনা প্রকাশ্যে আসে। বিষয়টি সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন এবং উত্তরপ্রদেশ পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে।

তদন্তে এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে প্রণামীর অর্থ ও সামগ্রী চুরিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। ঘটনাচক্রে, অভিযুক্তদের সকলেই শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং ট্রাস্টের কয়েকজন সদস্যের ঘনিষ্ঠ বলে পরিচিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!