- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৭, ২০২৫
ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীর সংখ্যা সর্বাধিক, চিন সীমান্তে একটিও নয়— সংসদে তথ্য পেশ স্বরাষ্ট্র মন্ত্রকের
২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভারত–চিন সীমান্তে একটি অনুপ্রবেশের ঘটনাও নথিভুক্ত হয়নি। অথচ একই সময়ে ভারতের অন্যান্য আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে মোট ২৩,৯২৬ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পেশ করা এ তথ্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
এদিন, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার এবং নেপাল–ভুটান সীমান্তে মোট ২০,৮০৬ জন অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আরো ৩,১২০ জনকে আটক করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অনুপ্রবেশকারী গ্রেপ্তারের নিরিখে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ভারত–বাংলাদেশ সীমান্তে।
কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত এক দশকে বাংলাদেশ সীমান্ত থেকে সর্বাধিক ১৮,৮৫১ জন অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। এর পরে রয়েছে ভারত–মায়ানমার সীমান্ত (১,১৬৫ জন), ভারত–পাকিস্তান সীমান্ত (৫৫৬ জন) এবং নেপাল–ভুটান সীমান্ত (২৩৪ জন)। পশ্চিম ও পূর্ব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত থাকলেও, উত্তরের চিন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা রিপোর্ট হয়নি বলে স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ২০২৫ সালের মাসভিত্তিক পরিসংখ্যানেও একই প্রবণতার ইঙ্গিত মিলেছে। জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশ সীমান্তে ২,৫৫৬ জন, মায়ানমার সীমান্তে ৪৩৭ জন, পাকিস্তান সীমান্তে ৪৯ জন এবং নেপাল–ভুটান সীমান্তে ৭৮ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই সময়ে ভারত–চিন সীমান্তে অনুপ্রবেশ সংক্রান্ত কোনো ঘটনার উল্লেখ নেই বলে জানিয়েছে কেন্দ্র।
এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির আক্রমণাত্মক অবস্থানকে সামনে রেখে কেন্দ্রের এই পরিসংখ্যানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, সংসদে দেওয়া সরকারি তথ্য বিজেপির আগের কিছু রাজনৈতিক অভিযোগের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। উল্লেখ্য, ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বারবার রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেছে বিজেপি। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অভিযোগ, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকার না দেওয়ায় বহু জায়গায় এখনো ফেন্সিং হয়নি। সেই ফাঁক গলে অনুপ্রবেশ ঘটছে বলে দাবি বিজেপির। তবে তৃণমূল কংগ্রেস এ অভিযোগ মানতে নারাজ। তাঁদের বক্তব্য, ভারত–পাকিস্তান সীমান্তে এখনও প্রায় ১৫৫ কিলোমিটার এলাকায় ফেন্সিং হয়নি, সেখানে তৃণমূলের কোনো সরকার নেই। পাশাপাশি বাংলাদেশ সীমান্তের একটি বড়ো অংশ জলাভূমি ও নদীবেষ্টিত হওয়ায় সেখানে কাঁটাতার বসানো বাস্তবে জটিল বলেও দাবি করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের আরো অভিযোগ, সীমান্ত নিরাপত্তা কেন্দ্রের দায়িত্ব হলেও রাজনৈতিক স্বার্থে বিজেপি রাজ্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যানই, সেই বাস্তবতার জ্বলন্ত প্রমাণ।
❤ Support Us







