- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৮, ২০২৫
নির্ধারিত সময়সীমার মধ্যেই শোকজের জবাব, যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে তদন্তে গতি, সিটে বাড়ল সদস্য
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই শোকজের জবাব জমা দিলেন তিন শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার—এই তিনজনই ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব পেশ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
মঙ্গলবার রাজ্য সরকারের গঠিত অনুসন্ধান কমিটি বিশৃঙ্খলার ঘটনায় এই তিন আধিকারিককে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেয়। সেই ডেডলাইন মেনেই জবাব জমা পড়ে। সূত্রের খবর, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা তাঁর জবাবে উল্লেখ করেছেন, অনুষ্ঠানের যে পর্যায়ক্রমিক সূচি প্রশাসনকে জানানো হয়েছিল, বাস্তবে তা মানা হয়নি। আগে এক ধরনের অনুষ্ঠানসূচি জানানো হলেও ঘটনার দিন উদ্যোক্তারা নিজেদের মতো করে পরিকল্পনা বদল করেন, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারের লিখিত বক্তব্যের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।
এদিকে যুবভারতী কাণ্ডের তদন্ত আরও জোরদার করতে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)-এর সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গেছে, আপাতত আরও আটজন পুলিশ আধিকারিককে সিটে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির সুপারিশ অনুযায়ী মঙ্গলবার চার সদস্যের সিট গঠন করা হয়। বুধবার সকালেই সিটের সদস্যরা যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দলও।
অন্যদিকে, ক্রীড়াঙ্গনে হাঙ্গামার ঘটনায় এখনও পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া রূপক মণ্ডলকে বুধবার বিধাননগর মহকুমা আদালত ছয় দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিটের সদস্যরা খতিয়ে দেখছেন—যত সংখ্যক অতিথির মাঠে থাকার কথা ছিল, তার তুলনায় কতজন অতিরিক্ত ব্যক্তি মাঠে উপস্থিত ছিলেন, তাঁদের পরিচয় কী, কীভাবে তাঁরা মাঠে প্রবেশ করলেন এবং সেই প্রবেশের ক্ষেত্রে পুলিশের নাকি আয়োজকদের অনুমতি ছিল কি না। এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত আরও গভীর করা হচ্ছে।
❤ Support Us






