- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৫
অসমে সিএএ-র অধীনে আবেদন করেছেন ৩৯ জন, ভারতের নাগরিকত্ব পেলেন মাত্র ২
অসমে সিএএ-র অধীনে আবেদন করেছেন ৩৯ জন, নাগরিকত্ব পেলেন মাত্র ২ জন। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানাচ্ছেন, শেষ পর্যন্ত রাজ্যে মাত্র ৫০ থেকে ১০০ জনই এই আইনের অধীনে নাগরিকত্ব পাবেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে অসমে মোট ১৫৬ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে, বিধানসভায় জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাতোয়ারী।
অসমে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন, ২০১৯ বা সিএএ কার্যকর হওয়ার পর থেকে মাত্র ২ জন ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। সোমবার বিধানসভায় সংসদীয় বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাতোয়ারী এই তথ্য জানান। অন্য ১৮টি আবেদন বর্তমানে পরীক্ষা-নিরীক্ষাধীন রয়েছে, বাকি ১৯টি আবেদন বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীরা পুনরায় আবেদন করতে পারবেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন নিরাপত্তা বাহিনী বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করছে, যদিও কিছু অঞ্চলে এখনো সমস্যা রয়ে গেছে।’ ইয়তিনি আরো বলেছেন, ‘রাজ্যে মাত্র ৫০ থেকে ১০০ জনই এই আইনের অধীনে নাগরিকত্ব পাবেন।’ আধার নিবন্ধন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছরের জানুয়ারি পর্যন্ত রাজ্যে ৯৬.৯৭ শতাংশ নাগরিকের আধার কার্ড তৈরি হয়েছে। সব জেলাতেই আধার নিবন্ধনের সুবিধা রয়েছে, তবে কাজ সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে।’
সিএএ অনুসারে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। অসমে সিএএ-এর অধীনে নাগরিকত্ব পাওয়া প্রথম ব্যক্তি হলেন দুলন দাস, যিনি বাংলাদেশ থেকে আসা একজন হিন্দু শরণার্থী। তিনি ১৯৮৮ সালে অসমে আসেন, ১৯৯৬ সাল থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে সিএএ-এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেন, আগস্ট মাসে তিনি নাগরিকত্ব পান।
এদিন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, যিনি বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে সমর্থন করেন, রাজ্যে অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যাহত থাকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে কংগ্রেসের আরেক বিধায়ক জাকির হুসেন সিকদার জানতে চান, সীমান্ত নিরাপত্তায় কোনো ফাঁকফোকর রয়েছে কি না অথবা সরকারী কর্মকর্তাদের এতে জড়িত থাকার সম্ভাবনা আছে কি না।
উত্তরে পাতোয়ারী বলেন, ‘অনুপ্রবেশ প্রচেষ্টার সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থা জড়িত নয়। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে অসমে মোট ১৫৬ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২০২১ সালে ৫১ জন, ২০২২ সালে ৫৭ জন, ২০২৩ সালে ২২ জন এবং ২০২৪ সালে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে, যেখানে বিএসএফ সীমান্ত রক্ষা করছে, রাজ্য পুলিশ দ্বিতীয় প্রতিরক্ষা বাহিনী হিসেবে কাজ করছে। তবে কিছু সীমান্ত, যেমন শ্রীভূমি জেলার নদী সীমান্তের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। আমি আশ্বাস দিচ্ছি, সরকার এই অংশগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈজ্ঞানিক উপায়ের বিষয়ে ভাবছে।’
মোদি সরকারের আমলে সিএএ পাশ হওয়ার পর থেকে বিভিন্ন মহলে বিতর্ক ও সমালোচনা হয়েছে। অনেকেই এই আইনকে ধর্মীয় ভিত্তিতে বৈষম্যমূলক বলে মনে করেন, কারণ এই আইনে মুসলিম শরণার্থীদের অন্তর্ভুক্ত করা হয় না। তবে বিজেপি সরকার বরাবর দাবি করে এসেছে, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয় বরং নিপীড়িত সংখ্যালঘুদের সুরক্ষা দিতেই বদ্ধ পরিকর। তবে সিএএ কার্যকর হওয়ার পর থেকে অসমে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া ধীরগতিতে চলছে। অনেক আবেদন এখনো পরীক্ষা-নিরীক্ষাধীন রয়েছে, যা প্রক্রিয়ার জটিলতা ও সময়সাপেক্ষতার ইঙ্গিত দেয়।
❤ Support Us








