Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৫, ২০২৫

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ

বুধবার ভোর হতেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। কিশতওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে গুলি বিনিময় অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর প্যারা কমান্ডো, পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা পুরো জঙ্গল ঘিরে রেখেছে। ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সন্ত্রাসীদের খোঁজে ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে।
কিশতওয়ার জেলার প্রত্যন্ত ছাতরু এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

হোয়াইট নাইট কর্পসের পক্ষ থেকে এক্স–এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌হোয়াইট নাইট কর্পসের সেনারা জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে সমন্বয় করে ছাতরুর প্রত্যন্ত এলাকায় সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। বর্তমানে অভিযান চলছে।’‌ একটা সূত্র থেকে জানা গেছে, তিনজন সন্ত্রাসী ওই এলাকায় লুকিয়ে রয়েছে। বেশ কয়েক মাস ধরে সন্ত্রাসীদের এই দলটি ওই এলাকায় সক্রিয় ছিল এবং নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।

কিশতওয়ারের উঁচু এলাকায় অবস্থিত ছাতরু এলাকায় গত বছর ধরে বিক্ষিপ্তভাবে জঙ্গি তৎপরতা দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলিতে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। আগস্টে কিশতওয়ারের ডুল এলাকার ঘন জঙ্গলে গুহায় লুকিয়ে ছিল সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী গুহার প্রবেশপথে গুলি চালায় এবং বিস্ফোরক ছোড়ে। কিন্তু কোনও সাড়া পায়নি। হিজবুল মুজাহিদিনের দুই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, রিয়াজ আহমেদ এবং মুদাসসার আহমেদ, জঙ্গলে লুকিয়ে আছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ভোর সাড়ে ৬টার দিকে সন্ত্রাসীরা তল্লাশি অভিযানে অংশগ্রহনকারী সেনাদের ওপর গুলি চালায়। সেনারাও পাল্টা গুলি চালায়। কিন্তু সন্ত্রাসীরা ঘন জঙ্গলের আড়ালে পালিয়ে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!