- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ১, ২০২৪
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, নিট দুর্নীতি নিয়ে সংসদ চত্বরে ধর্না বিরোধীদের
ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অপব্যবহার’ করছে কেন্দ্রের এনডিএ সরকার, এই অভিযোগে বিরোধী জোট ‘ইন্ডিয়া-র’ সাংসদেরা সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন।
বিরোধী দলনেতা রাহুল গান্ধি, শশী থারুর, কে সি বেণুগোপাল, মণীশ তেওয়ারি , কে সুরেশ, বর্ষা গায়কয়াড়, বেণী বেহ্নান, আন্ত অ্যান্টনি, কেরালা কংগ্রেসের জোস কে মণি, আম আদমি পার্টির সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, তৃণমূলের সাগরিকা ঘোষ, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, সিপিএমের জন ব্রিট্টাস প্রমুখ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারী সাংসদরা প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। তাতে লেখা, ‘বিরোধীদের সম্মান করুন, ভয় দেখানো বন্ধ করুন ! বিরোধীদের মুখ বন্ধ করতে এজেন্সিগুলির অপব্যবহার বন্ধ করুন, ভয়ে দেখানো বন্ধ করুন, ইডি, আইটি, সিবিআই অপব্যবহার বন্ধ করুন, ‘ এছাড়াও লেখা ছিল, ‘ভাজপা মে জাও ভ্রষ্টাচার কা লাইসেন্স পাও…অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে অংশ নিন আর দুর্নীতির ছাড়পত্র পান।
বিরোধীদের অভিযোগ, তাঁদের কণ্ঠরোধ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে । যার উদাহরণ হচ্ছেন – দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অন্যান্য মন্ত্রীরা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন , তৃণমূলের মন্ত্রীরা প্রমুখ।একটি জমি কেলেঙ্কারির অভিযোগে ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে। ১৪৯ দিনের হেফাজতের পরে ২৯ জুন তিনি জামিনে মুক্তি পান। চলতি মাসে দিল্লি হাইকোর্ট লিকার কান্ডে গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন নাকচ করে দেয়।
এজেন্সির অপব্যবহারের অভিযোগ ছাড়াও নিট পরীক্ষার দুর্নীতি, শেয়ার কেলেঙ্কারি, নতুন ফৌজদারি আইনসহ বেশ কিছু বিষয়ে লোকসভা সরগরম হবে বলে আশা করা হচ্ছে। অধিবেশনের শুরু থেকে সরকারের ওপর বিরোধীরা ক্রমাগত চাপ সৃষ্টি করবে বলে তাদের থেকে যে আভাস পাওয়া গিয়েছিল,তা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার দেখা গেছে।
❤ Support Us





