Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১০, ২০২৫

আচমকা ঝেঁপে নামল বৃষ্টি, জলমগ্ন কলকাতা। দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

আরম্ভ ওয়েব ডেস্ক
আচমকা ঝেঁপে নামল বৃষ্টি, জলমগ্ন কলকাতা। দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকেই উত্তর থেকে দক্ষিণ কলকাতায় নামল ঝেঁপে বৃষ্টি। আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে। শুরু হলো দমকা হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টি চলবে আরো কয়েক ঘণ্টা। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার জন্য ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা। ঘূর্ণাবর্তের জেরে বইছে দমকা হাওয়া, গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়া বৃষ্টিতে জল জমে গিয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। সায়েন্স সিটি,  ঠনঠনিয়া কালীবাড়ি, পাটুলি, মৌলালি, এমনকি সল্টলেক–এর বেশ কিছু রাস্তা গিয়েছে জলের তলায়। হাঁটু জল পেরিয়ে বাস ধরতে হচ্ছে যাত্রীদের। পঞ্চাশ মিনিটের বৃষ্টিতে ত্রাহি অবস্থা শহরবাসীর।  যদিও একটানা নয়, কিন্তু পরবর্তী ৩ ঘণ্টায় ফের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও এদিন বৃষ্টিতে ভিজেছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর। ওই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে কয়েকটি অঞ্চলে। কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা–র জন্য। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়ার অন্যতম প্রধান চালিকা শক্তি। পাশাপাশি অসমের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যদিও তার প্রভাব সীমাবদ্ধ রয়েছে উত্তর-পূর্ব ভারতে।

শুক্রবার সকাল ৮টা নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেয় বর্ষা। তবে এ বছর তা এখনও বিদায় নেয়নি। বরং আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য আশ্বস্ত করছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে কোনও বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস নেই। ভারী বৃষ্টির সম্ভাবনাও সামান্য। আবহাওয়া দফতরের পরামর্শ, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। ঘরের বাইরে বেরোনোর আগে সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের। প্রয়োজনবোধে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!