- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৪, ২০২৫
ভবঘুরের ঝুলিতে শতাধিক ভোটার কার্ড, তুমুল চাঞ্চল্য নদীয়ায়
মাস পেরোলেই বাংলায় শুরু এসআইআর-এর কাজ। নাগরিকত্ব আর ভোটাধিকার ঘিরে রাজ্য রাজনীতি এই মুহুর্তে সরগরম। এরই মধ্যে নদিয়ার কল্যাণী শহরে শুক্রবার সকালে অস্বাভাবিক ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, এদিন সকালে শহরের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার বাসিন্দারা দেখেন উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন এক ভবঘুরে। স্থানীয় দুই যুবক সন্দেহের বশে তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি শুরু করেন। এরপরই তাঁদের চক্ষু চরকগাছ। ব্যাগের ভেতর বেরিয়ে আসে রাশি রাশি ভোটার কার্ড। মুহূর্তে দাবানলের মতো খবর ছড়িয়ে গোটা এলাকায়। ভবঘুরেকে ঘিরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম উত্তম প্রসাদ। তিনি হুগলির হিন্দমোটরের বাসিন্দা। কল্যাণীতে দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা তাঁর নজরে পড়ে ব্যাগের মধ্যে থাকা ভোটার কার্ডগুলো। পুলিশি অনুসন্ধানে জানা যায়, উদ্ধার করা ভোটার কার্ডের সংখ্যা প্রায় শতাধিক। এর মধ্যে তিনটি কার্ড অসমের। বাকিগুলি কল্যাণীর বিভিন্ন ওয়ার্ড এবং আশপাশের জেলা থেকে। উত্তম প্রসাদ দাবি করেছেন, ‘রাস্তার ধারে ব্যাগটি পড়ে ছিল, সেটি কুড়িয়ে নিয়েছি।’ তবে এত ভোটার কার্ড নিয়ে তিনি ঠিক কী করার চেষ্টা করছিলেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের মতে, কার্ডগুলো রাস্তায় ফেলে দেওয়া হয়েছে নির্বাচনী প্রেক্ষাপটে সম্ভাব্য অনিয়মজনিত পরিস্থিতি তৈরি করতে।
বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা জানান, ‘যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কার্ডগুলো কিভাবে, কোথা থেকে এসেছে, তা জানবার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা ঘিরে জেলার রাজনীতিও উত্তপ্ত হয়েছে। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় অভিযোগ তুলেছেন, ‘এসআইআর-এর আবহে তৃণমূল ভয়ে সিঁটিয়ে রয়েছে। অবৈধ ভোটারদের সক্রিয় রাখার জন্য এমন ঘটনা ঘটানো হতে পারে। পুলিশকে স্বচ্ছ তদন্ত করতে হবে।’ অন্যদিকে, গেরুয়া শিবিরের সমস্ত অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটি রাজনৈতিক ভাবে বিজেপির প্রচেষ্টা। আমাদের দলের সঙ্গে এর কোনো যোগ নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’ কারণ যাই হোক, নভেম্বর থেকে বাংলায় শুরু হতে চলা এসআইআর-এর কয়েকদিন আগেই এমন চাঞ্চল্যকর ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগে ছড়িয়ে দিয়েছে।
❤ Support Us






