- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৪
দাবি আদায়ে কৃষকদের বন্ধ পালন, অবরুদ্ধ পাঞ্জাব
কৃষকদের ডাকা বনধে আজ সকাল থেকেই কার্যত অবরুদ্ধ পাঞ্জাব। বিক্ষোভকারীরা রাস্তার ২৮০ টি জায়গা আটকে দিয়েছেন। বাতিল ১৫০ ট্রেন ।স্তব্ধ গণপরিবহন। ব্যাহত জনজীবন।
পাঞ্জাবে কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের আমরণ অনশনের আজ ৩৫ দিন। তারই মাঝে আজ সংযুক্ত কিষান মোর্চা এবং কিষান মজদুর মোর্চার ডাকে গোটা রাজ্যে বনধ চলছে। রাজপথে হাজার হাজার কৃষক। অমৃতসরে গোল্ডেন গেটে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা, ভাটিন্ডার রামপুরা ফুলে চলছে ধর্নামঞ্চ। ধারেরি যত্তন টোল প্লাজাও আটকে দিয়েছেন তারা, যা পাটিয়ালা-চণ্ডিগড় জাতীয় সড়কে প্রভাব ফেলেছে। প্রায় ২৮০ জায়গায় রাস্তা আটকে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। সাধারণ মানুষের মধ্যে বনধের ব্যপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা- সহ একাধিক দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তে খানাউরি সীমানায় অবস্থানে রয়েছেন কৃষকরা।
গত সপ্তাহেই সংযুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চার তরফে জানানো হয়েছিল, ৩০ ডিসেম্বর দিনভর তাদের চাক্কা জাম ও রেলরোকো কর্মসূচী চলবে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখবার আর্জি জানিয়েছিলেন তারা। কেবলমাত্র জরুরি পরিসেবা চালানোর কথা বলা হয়েছিল। একইসঙ্গে দুধ, ফল ,শাকসবজির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ বন্ধ সকাল ৭ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। বনধ-এ সমর্থন জানিয়েছে ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, শিক্ষক সংগঠন, সামাজিক সংগঠনগুলি।
কৃষক নেতা অভিমন্যু কোহার জানিয়েছেন, ‘অবস্থানের প্রথম দিন থেকেই আমাদের দাবিগুলি অত্যন্ত স্পষ্ট। তা সত্ত্বেও আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। একটা ধারণা তৈরি করা হচ্ছে, কৃষকরা জেদি। কিন্তু কেন্দ্রই নিজেদের অবস্থানে অনড় থেকে কৃষকদের কোনও দাবিতেই আমল দিচ্ছে না।’ তিনি আরও বলেছেন, ‘আমরা গান্ধিবাদী নীতিতে চলব। এ বার সরকারের উপর নির্ভর করছে যে তারা অনশনরত জগজিৎ সিং দাল্লেওয়ালের উপর জোরজুলুম করবে, না তাঁর দাবিগুলি শুনে উপযুক্ত পদক্ষেপ করবে। উনি নিজের জীবন বাজি রেখে কৃষকদের দাবি আদায়ের জন্য অনশন করছেন। সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। এ বার কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে।’ দেশের সাধারণ মানুষের কাছে তিনি খানাউরিতে তাঁদের অবস্থান স্থলে এসে সংহতি জানানোর আহ্বানও করেছেন।
আজ পাঞ্জাবজুড়ে কৃষকদের রাজপথ দখল নেওয়া ২০২০-২১ এর কেন্দ্র প্রস্তাবিত তিনটি কৃষি বিল প্রত্যাহার, আইনিভাবে এমএসপি নিশ্চিত করা, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সিংঘু বর্ডারে কৃষক আন্দোলনের দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের কথা মনে করায়। প্রাণ হারিয়েছিলেন ৭০০ র বেশি কৃষক। ট্রাক্টর নিয়ে পার্লামেন্টের দিকে মার্চ করেছিলেন কৃষকেরা। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দেশজুড়ে। আন্দোলনের চাপে কৃষকদের সেই দাবিগুলি তখন মৌখিক মেনে নিয়েছিল কেন্দ্র। কিন্তু বাস্তবে তার সেভাবে প্রয়োগ হয়নি। কমেনি ফড়ে-দালালদের উৎপাত। আইনিভাবে নিজেদের অধিকার সুনিশ্চিত করতে কৃষকদের চলমান এই আন্দোলন। আজ বনধের প্রভাব রাজ্যজুড়ে কেমন হয় সেদিকে চোখ রাখছেন রাজনৈতিক দলগুলো। কৃষকদের এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েও কপালে ভাঁজ কেন্দ্র সরকারের।
❤ Support Us








