Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২৫

দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪০টি দোকান

আরম্ভ ওয়েব ডেস্ক
দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪০টি দোকান

বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৪০টি দোকান। রাত দেড়টা নাগাদ বাজারের কয়েকটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা প্রথমে চমকে ওঠেন। এরপর দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হলে, সাতটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু পকেট ফায়ার এখনও জ্বলছে, বলে জানাচ্ছেন দমকল কর্মকর্তারা।
রাতারাতি আগুনে দোকানপাট ছাই হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে, ফলে হতভম্ব ব্যবসায়ীরা। সরকারি খাসজমির উপর তৈরি ৫৭ কাঠার এই বাজারে বহু বছর ধরে ব্যবসা চালাচ্ছিলেন দোকানগুলি। ঘিঞ্জি বাজারের পরিবেশ, চারদিকে থাকা দাহ্য পদার্থ, ঘিঞ্জি এলাকায় অগোছালো দোকানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। একাধিক দোকান মালিক ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, ব্যবসায়ী সমিতি বিপর্যয় মোকাবিলা করার জন্য টাকা তুলেছিল, কিন্তু তার কোনো ফল মেলেনি। আগুন লাগার পরে, সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও সুরাহা মেলেনি, বলছেন দোকানদাররা। স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগুন আর ছড়ানোর কোনও সুযোগ নেই এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও তাঁদের কথা হয়েছে বলে জানা গিয়েছে। কাউন্সিলর জানান, প্রায় ৪০ বছরের পুরনো এই বাজারে ৪০-৫০টি দোকান রয়েছে, কিন্তু কোনো ব্যবসায়ীরই দোকানের বিমা করা ছিল না। তাই বাজার পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার বিষয়টি সরকারকে জানিয়ে সহযোগিতা চাওয়া হবে বলে তিনি জানান। বিধায়কও একই আশ্বাস দিয়েছেন, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, আকস্মিক এলাকায় ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!