- দে । শ
- জুলাই ১৫, ২০২৬
ইসিএলের জলের ট্যাঙ্ক ভেঙে আহত ২ কর্মী, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ
দুর্গাপুরের অন্ডালে বুধবার সকালে বড়সড় দুর্ঘটনা। পূর্বাঞ্চলীয় কয়লাক্ষেত্র লিমিটেড (ইসিএল)-এর শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় প্রায় ৭০ বছরের পুরনো একটি জলের ট্যাঙ্ক আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আহত হন ইসিএলের দুই কর্মী। তাঁদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে ছুটে এসে স্থানীয় বাসিন্দারা দেখেন, বিশাল জলের ট্যাঙ্কটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত হন ইসিএল কর্মী সঙ্গীতা দেবী এবং প্রভাবতী ভুঁইঞা। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দু’জনেরই চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্যাঙ্কটির কোনও রক্ষণাবেক্ষণ বা সংস্কার করা হয়নি। বারবার বিষয়টি জানানো হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলেই এমন দুর্ঘটনা ঘটেছে।
ইসিএল কর্মী প্রবীর চক্রবর্তী বলেন, “এই ঘটনায় প্রাণহানিও ঘটতে পারত। সৌভাগ্যবশত দু’জন আহত হয়েছেন। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
স্থানীয়দের অভিযোগ, শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় বহু পুরনো পরিকাঠামো দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। জলের ট্যাঙ্কটি নিয়েও বহুবার অভিযোগ জানানো হলেও কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। শ্রমিক সংগঠনগুলির দাবি, শুধু এই ট্যাঙ্ক নয়, কোলিয়ারি এলাকার সমস্ত পুরনো নির্মাণের অবিলম্বে নিরাপত্তা পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এই ঘটনায় ফের ইসিএলের শিল্পাঞ্চলে নিরাপত্তা ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিকদের দাবি, দোষীদের চিহ্নিত করে দ্রুত তদন্ত সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
❤ Support Us





