Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ১৪, ২০২৪

দেশের অর্থনীতির হাল ফেরাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের পথে পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের অর্থনীতির হাল ফেরাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের পথে পাকিস্তান

দেশজুড়ে চলছে প্রবল আর্থিক অনটন। তার সঙ্গে গোদের ওপর বিষফোড়ার মতো পাক অধিকৃত কাশ্মীরের ভারতের সাথে সংযুক্তির জন্য চলছে বিক্ষোভ। এর মধ্যে আর্থিক বেসামাল অবস্থা কাটানোর  জন্য  সরকার অধিগৃহীত সংস্থাগুলির বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে পাকিস্তান সরকার । ইসলামাবাদে বেসরকারিকরণ কমিশন সম্পর্কিত বিষয়গুলির পর্যালোচনা বৈঠকে সভাপতির আসনে থাকা দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে কিছু গুরুত্বপূর্ণ সংস্থার রাশ নিজের হাতেই রেখে দিচ্ছে তাঁর সরকার।এই সংক্রান্ত ২০২৪-২০২৯ বছরের একটি রোড ম্যাপও প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রককে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার  নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

‘রাষ্ট্রীয় মালিকানাধীন সব প্রতিষ্ঠানই বেসরকারীকরণ করা হবে, সেগুলি লাভে চলুক বা লোকসানে,’ বললেন শাহবাজ শরিফ।তাঁর মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলির বেসরকারিকরণ করদাতাদের অর্থ সাশ্রয় করবে। এর ফলে দেশের জনগণ আরও উন্নত পরিষেবা পাবেন।  তিনি আরও বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী সমস্ত বিষয়টিতে  স্বচ্ছতা রাখার জন্য ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কোম্পানি লিমিটেডের’ (পিআইএ) বেসরকারিকরণ, নিলাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি  অন্যান্য প্রতিষ্ঠানের বেসরকারিকরণের প্রক্রিয়াও সরাসরি সম্প্রচারিত হবে। এই ঘোষণায় আরও বলা হয়েছে, লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বেসরকারিকরণ করা হবে। সমগ্র প্রক্রিয়ায় গতি আনতে বেসরকারিকরণ কমিশনে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হচ্ছে একটি প্যানেল।

মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী খাজা আসিফ, মুহাম্মদ আওরঙ্গজেব, জাম কামাল খান, আওয়াইস আহমেদ লেগারি, আবদুল আলীম খান, মুসাদ্দিক মালিক, আহাদ খান চিমা, প্রধানমন্ত্রীর সমন্বয়ক রানা এহসান আফজাল এবং অন্যান্য উচ্চপদস্থ আমলারা ।

গত শুক্রবার, বেসরকারিকরণ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি বা  সিসিওপি এই কর্মসূচীর জন্য ২৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছেন । এখন এই পরিস্থিতিতে কতখানি নিজেদের আর্থিক ধাক্কা সামাল দিতে পারে শাহবাজ শরিফের সরকার, সেদিকেই তাকিয়ে দেশটির জনতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!