- এই মুহূর্তে দে । শ
- জুন ২৩, ২০২৩
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরবর্তী মামলায় হাই কোর্টে প্রথম স্বস্তি পেল কমিশন
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও মামলার রায় এই প্রথম রাজ্যের পক্ষে গেল। জাতীয় মানবাধিকার কমিশন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ফলে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছিল, সেই নোটিস খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে গোলমালের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে জাতীয় মানবাধিকার কমিশন এই নোটিস দেয়। মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কমিশনের ডিজি , তদন্ত, একটি নোটিস রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে জানায়, তারা রাজ্যের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করবেন। এই নোটিশ পাওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলায় শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের ওই নোটিস খারিজ করে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। কলকাতা হাই কোর্ট আদালত সাফ জানিয়ে দিল, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের স্পর্শকাতর এলাকা মানবাধিকার কমিশনের ডিজি চিহ্নিত করতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর কমিশনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে যত মামলা হয়েছে তাতে অস্বস্তিতে পড়তে হয়েছে কমিশনকে। সেই দিক থেকে শুক্রবারের হাই কোর্টের এই রায় রাজ্য নির্বাচন কমিশনকে স্বস্তি দিল।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। পাশাপাশি পঞ্চায়েত ভোটের সময় যে সব এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে, সেই স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করবেন ডিজি। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার পর কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন ডিজি। ওই এলাকাগুলিতে পঞ্চায়েত ভোটের সময় বা পরে প্রয়োজনে ‘মাইক্রো হিউম্যান রাইটস অবজ়ার্ভার’ মোতায়নের পরামর্শ দেবেন ডিজি। ভোট প্রক্রিয়ায় কী ভাবে জাতীয় মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করতে পারে, এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন, এই মামলার রায় কমিশনের পক্ষেই দিয়েছে কলকাতা হাই কোর্ট।
❤ Support Us






