Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৫, ২০২৫

নাগরিকত্বের ভুয়ো তথ্য পেশের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে ঘিরে শোরগোল পূর্বস্থলীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
নাগরিকত্বের ভুয়ো তথ্য পেশের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে ঘিরে শোরগোল পূর্বস্থলীতে

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভুয়ো তথ্য পেশ করে নাগরিকত্ব আদায়, নির্বাচনে লড়ার অভিযোগকে ঘিরে সরগরম পূর্বস্থলী। অভিযোগ, পূর্বস্থলী ২নং ব্লকের মেড়তলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান সন্তোষী দাস ভারতীয় নন,বাংলাদেশী। প্রশাসনের কাছে নথি যাচাইয়ের দাবিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও কালনা মহকুমা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন একদল গ্রামবাসী। সরব হয়েছে বিজেপিও। কালনার মহকুমাশাসক অহিনসা জৈন জানান, ‘ওনাকে শুনানিতে ডেকে সমস্ত নথি যাচাই করা হবে।’ পঞ্চায়েত প্রধান সন্তোষীদেবীর বক্তব্য, ‘আমার এই দেশেই জন্ম। প্রমাণ দেখাতে সমস্যা নেই।’

জানা গেল, মেড়তলা পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের বাড়ি ওই পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে ৷ গ্রামবাসীদের অভিযোগ, তিনি রেশন কার্ড করেছিলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ২নং ব্লকের আন্দুলবেড়িয়া থেকে ৷ ভোটার কার্ডে তাঁর বাবা হিসাবে দেখানো হয়েছে মন্টু সরকারকে ৷ কিন্তু রেশন কার্ডে পরিবারের প্রধান হিসাবে দেখানো হয়েছে পঙ্কজ বাড়ুইকে ৷ আরো অভিযোগ, রেশন কার্ডের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে তিনি ১২ বছর বয়সে রেশন কার্ড করেছেন ৷ আবেদনকারীদের প্রশ্ন, প্রধানের এ দেশে জন্ম হলে, ১২ বছর বয়সে কেন রেশন কার্ড হলো? সেতো আরো আগে হওয়ার কথা।

এলাকাবাসীর দাবি, বেলডাঙা এলাকাতে খোঁজ নিয়ে দেখা গিয়েছে, রেশন কার্ডে দেওয়া ঠিকানা সঠিক নয়। পঞ্চায়েত প্রধান বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন৷ তাঁর স্বামী-সহ শ্বশুড়বাড়ির লোকজনও ২০১০ সালের পর বাংলাদেশে থেকে ভারতে এসেছেন ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!