- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৬, ২০২৫
পুজোর মুখে পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষ জামিন
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার , ২৬ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ এই জামিনের নির্দেশ দেন। তবে এখনও স্পষ্ট নয়, তিনি কবে জেল থেকে মুক্তি পাবেন, কারণ কিছু আইনি প্রক্রিয়া এখনও বাকি রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা দাবি করেছেন, নিয়োগ দুর্নীতির সমস্ত মামলাতেই তিনি জামিন পেয়েছেন। এমনকি সুপ্রিম কোর্ট-ও নিয়োগ দুর্নীতির আরেকটি মামলায় তাঁকে জামিন দিয়েছে। তবে সেই জামিনে মামলার শুনানি ও বিচারপ্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত।
গত ১৮ আগস্ট দেওয়া এক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, এক মাসের মধ্যে চার্জ গঠন এবং দুই মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। আইনজীবীদের মতে, এই নির্দেশ মেনে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁর জেলমুক্তি সম্ভব নয়। ফলে, জামিন পেলেও এখনও কিছুটা অপেক্ষা যে থেকেই যাচ্ছে, তা স্পষ্ট করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
কী কী শর্তে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়?
কলকাতা হাই কোর্ট জামিন দেওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছে। সেগুলি হল:
* বিচার শেষ না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সরকারি কোনও পদে বহাল থাকতে পারবেন না। অর্থাৎ তাঁকে পাবলিক অফিস থেকে বিরত থাকতে হবে।
* তবে তিনি জনপ্রতিনিধি হিসেবে নিজের নির্বাচনী এলাকায় কাজ চালিয়ে যেতে পারবেন।
* তাঁকে নিজের পাসপোর্ট জমা দিতে হবে আদালতে।
* প্রতি মাসে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে।
* তিনি নিম্ন আদালতের নির্ধারিত এলাকা ছাড়তে পারবেন না।
দীর্ঘদিন ধরে জেলে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনকে ঘিরে রাজনৈতিক মহলেও তৎপরতা বেড়েছে।
তাঁর জামিন পাওয়াকে একাংশ দেখছেন আইনি লড়াইয়ে একটি বড় সাফল্য হিসেবে, অন্যদিকে বিরোধী শিবিরে প্রশ্ন উঠছে, দুর্নীতির অভিযোগে ধৃত নেতারা কীভাবে জামিন পাচ্ছেন — এই বিষয়েও আগামী দিনে সরগরম হতে পারে রাজ্য রাজনীতি।
এখন দেখার বিষয়, আদালতের নির্দেশ অনুযায়ী বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় আসলে কবে মুক্তি পান, আর রাজনৈতিক ময়দানে তিনি আবার কেমনভাবে ফিরে আসেন।
❤ Support Us








