- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৭, ২০২৫
‘দলীয় শৃঙ্খলা ব্যক্তির উর্দ্ধে, মনমর্জি চলবে না’, তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করলেন অভিষেক
‘চিপ হুইপ যা বলবেন, তাই করতে হবে’— দিল্লিতে সাংসদদের কড়া বার্তা অভিষেকের। ভোটের আগে দলকে জোটবদ্ধ রাখতে, মতবিরোধ মেটাতে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে বুধবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সাংসদদের মধ্যে একদিকে মতবিরোধ মেটানোর নির্দেশ দেন অভিষেক। অন্যদিকে স্পষ্ট করে জানিয়ে দেন, চিপ হুইপ বা ডেপুটি লিডারের নির্দেশের বাইরে কেউ চলবেন না।
সাংসদদের উপস্থিতি ছিল পূর্ণাঙ্গ। দোলা সেন, সুখেন্দু শেখর রায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, জুন মালিয়া, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ প্রমুখ সবাই ছিলেন বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন— সংসদে সাংসদদের কাজকর্ম, দায়িত্ব এবং সীমা স্পষ্ট করা। তিনি বলেন, কোননো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে বা সংসদে কোনো বিষয় উত্থাপন করতে হলে আগাম অনুমতি নিতে হবে। এতে দলীয় কৌশল এবং একক কণ্ঠস্বর বজায় থাকবে। অভিষেক বৈঠকে জোর দিয়ে বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। সংসদে কাজ শুরু করার আগে চিফ হুইপ ও ডেপুটি লিডারের অনুমতি নেওয়া অপরিহার্য। তিনি সতর্ক করেন, নির্বাচনের আবহে ছোটোখাটো বিষয়ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে, তাই সাংসদদের দায়িত্ববোধ নিয়ে সতর্ক থাকতে হবে।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনীতির কঠিন পরীক্ষার এ সময়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার ঘরোয়া বৈঠকে দলকে একত্রিত করার বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু-জনেই সাংসদদ, বিধায়কদের মনে করিয়ে দিচ্ছেন, ভোটের আগে ব্যক্তিগত বা গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলকে শক্তিশালী করার জন্য এমন কড়া পদক্ষেপ অপরিহার্য। তৃণমূলের দাবি, দিল্লিতে দলের সম্পাদকের এ বৈঠকের ফলে সাংসদদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংসদে দলের অবস্থান আরো শক্তিশালী হবে। অভিষেক বলেন, ‘দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নেই। সবাইকে তা মানতেই হবে।’
❤ Support Us






