- দে । শ
- জুন ১, ২০২৬
বসিরহাটে শিবির বদল, ঘাসফুল ছাড়লেন দেড়শ কর্মী
বসিরহাটে কংগ্রেসে যোগ দিলেন দেড়’শর বেশি তৃণমূল কর্মী সমর্থক। রবিবার এক অনুষ্ঠানে বসিরহাটের ইন্দিরা ভবনে তৃণমূল নেতা, বিশিষ্ট আইনজীবী জিয়ারুল মোল্লা সহ তাঁর অনুগামীরা কংগ্রেসের পতাকা তুলে নেন। তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন এআইসিসি সদস্য, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অমিত মজুমদার। অন্যদের মধ্যে ছিলেন জেলা আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক হিরণ্ময় দাস, কংগ্রেস নেতা সারাউদ্দিন ঘরামি প্রমুখ।
কংগ্রেসে যোগদান করে জিয়ারুল মোল্লা বলেন, একেবারে উঁচুতলা থেকে নিচুতলায় তৃণমূলের দূর্নীতি যেভাবে সামনে আসছে তা মেনে নেওয়া যাচ্ছে না। তাই আমাদের প্রকৃত সর্বভারতীয় দল কংগ্রেসে যোগদানর সিদ্ধান্ত। উল্লেখ্য, রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর বসিরহাট ১ ,২ ব্লক , হাসনাবাদ, সন্দেশখালি, বাদুড়িয়ায় তৃণমূলের ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা জেলা রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ ঘটনা। প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি অমিত মজুমদার বলেন, হাসনাবাদের ভবানীপুর এলাকা থেকে আজ তৃণমূলের নেতৃস্থানীয় সৎ নিষ্ঠাবান কয়েকজন কংগ্রেসে যোগদান করলেন। আগামী দিনে আরও বড় যোগদান অপেক্ষা করছে। জেলা আইএনটিইউসি নেতা হিরণ্ময় দাস বলেন, তৃণমূল ছেড়ে স্বতস্ফুর্ত ভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন এটা ভালো লক্ষণ। প্রবীন কংগ্রেস নেতা বলেন, এই তো সবে শুরু। এখনও মানুষের হাত থেকে ভোটের কালি ওঠেনি। তার আগেই তৃণমূল দলটা উঠে যাবার উপক্রম হয়েছে। ক্ষমতার দম্ভে তৃণমূল কংগ্রেসকে সাইনবোর্ড করতে গিয়ে নিজেদের সাইনবোর্ড লাগাবার জায়াগা নেই।
❤ Support Us






