- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৯, ২০২২
আজ থেকে মহিলাদের ক্রিকেটে চালু হচ্ছে ‘পে ইকুইটি’ নীতি
আজ থেকে মহিলাদের ক্রিকেটে চালু হচ্ছে ‘পে ইকুইটি’ নীতি। অর্থাৎ পুরুষ ক্রিকেটারদের সঙ্গে সমান বেতন পাবেন মহিলা ক্রিকেটাররা। আগে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি–র ব্যাপারে অএনক বৈষম্য ছিল। কিন্তু অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ড যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়া হবে মহিলা ক্রিকেটারদেরও। আজ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নেমেছে ভারত। এদিন থেকেই নতুন নীতি কার্যকরী হচ্ছে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কাউর মনে করছেন, বোর্ডের এই সিদ্ধান্তে মহিলা ক্রিকেটাররা অনুপ্রানিত হবেন। এছাড়া বোর্ডের এমন পদক্ষেপে মহিলা ক্রিকেটারদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেল বলে মনে করছেন তিনি।
হরমনপ্রীত বলেন, ‘এটি বোর্ডের দারুণ সিদ্ধান্ত। একজন ক্রীড়াবিদ হিসেবে, আমরা সবসময় সমান স্বীকৃতি পেতে চাই। সমান বেতন বর্তমান খেলোয়াড় এবং আসন্ন তারকাদের জন্য অনেক অনুপ্রেরণা নিয়ে আসবে। বিসিসিআই প্রদত্ত অনুপ্রেরণা আমাদের অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে । আমাদের ১০০ শতাংশ দিতে হবে। আমরা সত্যিই এখন ভাল খেলেছি। আমরা দারুণ ইতিবাচক রয়েছি।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নীতি অনুসারে মহিলা ক্রিকেটাররা এখন থেকে প্রতি টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ টাকা করে পাবে। এছাড়া একদিনের ম্যাচের জন্য ৬ লাখ টাকা করে আর টি২০ ম্যাচ প্রতি পাবেন ৩ লাখ টাকা করে।
হরমনপ্রীত আরও বলেন, ‘আমাদের জন্য বোর্ডের এটি ছিল প্রথম পদক্ষেপ। এবং আমি নিশ্চিত, আগামী দিনে মহিলা ক্রিকেটের জন্য অনেক ভালো খবর আসবে। সে জন্য দল হিসেবে আমাদের অনেক দায়িত্ব নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ফাইনালে উঠেছি কিন্তু বড় শিরোপা জিততে পারিনি। কিন্তু তারপরও, আমরা যেভাবে খেলছি তাতে দেশে অনেক কিছু বদলে গেছে। আমি নিশ্চিত যে বিসিসিআই অবশ্যই ঘরোয়া ক্রিকেটেও মহিলাদের সমান বেতন নিয়ে ভাবছে। ঘরোয়া ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। এবার মহিলা আইপিএল আসছে, এবং এই সমস্ত জিনিসগুলি ঘরোয়া ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমাদের শুধু পারফর্ম করতে হবে।’
❤ Support Us






