- দে । শ
- এপ্রিল ২১, ২০২৩
অগ্নিগর্ভ সুদানে আটক তিন হাজার ভারতীয়।দেশে ফেরাতে উদ্যোগ প্রধানমন্ত্রীর
সুদানের পরিস্থিতি তপ্ত। সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর সংঘর্ষে ইতিমধ্যে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, জখম অন্তত দু’হাজার। এদিকে সুদানস্থিত ৭০ শতাংশ হাসপাতালের পরিষেবাও কার্যত ভেঙে পড়েছে। সুদানে অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেখা দেওয়ায় সেখানে এখন আটকে রয়েছেন তিন হাজার ভারতীয় নাগরিক। এঁদের ভারতে ফেরাতে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সিং করে সুদানে আটক ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর জন্যে আলোচনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সুদানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রবীন্দ্র প্রসাদের সঙ্গে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুদানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর করেছেন। উচ্চপর্যায়ের ওই বৈঠকে সুদানে্ আটকে পড়া ভারতীয় নাগরিকদের সব ধরনের সহায়তা সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নির্দেশ দিয়েছেন, সুদান সংলগ্ন এলাকার দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলতে।
তবে কবে সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করে দেশে ফেরানো হবে, এব্যাপারে ভারতীয় বিদেশমন্ত্রক নিশ্চিতভাবে এখনও কিছু জানাতে পারেনি। এব্যাপারে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে নানা মাধ্যম মারফত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লাতিন আমেরিকা সফরে বেরিয়েছেন। বৃহস্পতিবার জয়শঙ্কর নিউইয়র্কে সুদানের পরিস্থিতি সম্পর্কে জয়শঙ্কর আলোচনা করেছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের সঙ্গে। প্রসঙ্গত, এর পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুদান প্রসঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক সারলেন। ওই বৈঠকে মোদি সুদানে আটক ভারতীয়দের দেশে ফেরাতে কার্যকরী পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।
রাত পোহালেই খুশির ইদ। এই পরিস্থিতিতেও সুদান ক্ষমতার খেয়োখেয়িতেই উন্মত্ত।
❤ Support Us






