- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ২৬, ২০২৬
যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট, মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক আহ্ববান প্রধানমন্ত্রীর
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত একমাসের কাছাকাছি পৌঁছতেই তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। ইরান-ইজরায়েল সংঘাত ক্রমশ বিস্তৃত হয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দেশে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, এখনও জ্বালানির তীব্র সংকট তৈরি হয়নি, বাস্তবে বহু জায়গায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি এবং ২৫ দিনের আগে নতুন বুকিং করা যাচ্ছে না।
এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন রাজ্যে তেল ও গ্যাসের মজুত পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে পাঁচটি রাজ্যে—পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে—বর্তমানে আদর্শ আচরণবিধি জারি রয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পরিবর্তে মুখ্যসচিবরা এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক বয়কট করতে পারেন বলে রাজনৈতিক সূত্রে খবর। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সংসদে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি বিবৃতি দাবি করেছে। তাদের অবস্থান, রুদ্ধদ্বার বৈঠকের পরিবর্তে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা হওয়া উচিত।
চলতি সপ্তাহের শুরুতে সংসদের উভয় কক্ষেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানিয়েছিলেন, সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্র ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বিকল্প জ্বালানি হিসেবে ইথানল উৎপাদনে জোর দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কমানো যায়।
তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
❤ Support Us





