Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২, ২০২৬

দিল্লিতে মোদি-মার্ক বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্যে বাড়তি গুরুত্ব । জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে মোদি-মার্ক বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্যে বাড়তি গুরুত্ব । জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও কানাডা গণতান্ত্রিক মূল্যবোধে অটল বিশ্বাসী দুই দেশ। বৈচিত্র্যের উদযাপন এবং মানবকল্যাণের যৌথ দর্শনই দুই দেশকে এগিয়ে নিয়ে যায়। এই অভিন্ন দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে উভয় দেশ ‘নেক্সট-লেভেল পার্টনারশিপ’-এর দিকে এগোতে সম্মত হয়েছে। মোদি জানান, ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করাই দুই দেশের লক্ষ্য। অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (CEPA) চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুই দেশেই নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি উল্লেখ করেন, কানাডার পেনশন তহবিলগুলি ইতিমধ্যেই ভারতে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে—যা ভারতের প্রবৃদ্ধির ওপর তাদের আস্থার প্রতীক। ব্যবসায়ী, এবং নেতাদের সঙ্গে বৈঠক অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে মোদি বলেন, ভারত সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও ভারত সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব বিরোধের সমাধান চায় এবং ওই অঞ্চলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। কার্নিকে উদ্দেশ করে তিনি বলেন, বিশ্বের খুব কম মানুষের জীবনবৃত্তান্তে দুই দেশে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বের অভিজ্ঞতা থাকে। প্রথম সাক্ষাতের পর থেকেই তাঁদের মধ্যে পারস্পরিক আস্থা ও ইতিবাচকতা বেড়েছে। এরপর বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, গত এক দশকে মোদির নেতৃত্বে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে এবং মাথাপিছু আয়ের বৃদ্ধির হার ইতিহাসে বিরল। কানাডা ভারতের উচ্চাকাঙ্ক্ষা ও উন্নয়ন লক্ষ্যকে সমর্থন করে। কার্নি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালে ভারতের জি২০ সভাপতিত্বের মূল মন্ত্র—“One Earth, One Family, One Future”—বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় একক দেশের পক্ষে সম্ভব নয়—এই বার্তাই বহন করে। তিনি ঘোষণা করেন, ভারত ও কানাডা একটি কৌশলগত জ্বালানি অংশীদারিত্ব শুরু করছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারিত হবে। বায়ু, সৌর ও হাইড্রোজেন শক্তিতে সহযোগিতা বাড়ানো হবে।

কানাডা ২০৫০ সালের মধ্যে তাদের বিদ্যুৎ গ্রিড দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে এবং এই সম্প্রসারণে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে তিনি জানান। কার্নি বলেন, এই সব চুক্তি একটি নতুন ও সমৃদ্ধ সম্পর্কের সূচনা করবে, যা দুই দেশের শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য প্রজন্মগত সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। তিনি আরও জানান, জনগণের মধ্যে সম্পর্কই দুই দেশের প্রকৃত শক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্বাস্থ্যসেবা, কৃষি ও উদ্ভাবন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা হবে। কানাডার বিশ্ববিদ্যালয়গুলো ভারতে ক্যাম্পাস স্থাপনের ব্যাপারেও সম্মতি দিয়েছে। আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। কার্নি উল্লেখ করেন, গত এক বছরে দুই দেশের সরকারের মধ্যে যত যোগাযোগ হয়েছে, তা গত দুই দশকের সম্মিলিত সময়ের চেয়েও বেশি। এটি কেবল সম্পর্ক পুনর্গঠন নয়, বরং নতুন উচ্চাকাঙ্ক্ষা ও দূরদর্শিতার ভিত্তিতে একটি মূল্যবান অংশীদারিত্বের বিস্তার।

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রতিনিধি-স্তরের বৈঠকে ২০২৩ সালের খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ ইস্যুতে সৃষ্ট কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা গভীর করা এবং একটি প্রতিরক্ষা সংলাপ প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া–কানাডা সিইও ফোরামেও অংশ নেবেন। বৈঠকের আগে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর–এর সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর সামাজিক মাধ্যমে ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গঠনে কার্নির প্রতিশ্রুতিকে স্বাগত জানান। সব মিলিয়ে, ভারত ও কানাডা বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও প্রতিরক্ষা সহযোগিতাকে ভিত্তি করে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!