- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১১, ২০২৫
কৃষিক্ষেত্রে দুই সরকারি প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর, বরাদ্দ ৩৫,৪৪০ কোটি টাকা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার কৃষি ক্ষেত্রের জন্য দুটি বড় প্রকল্পের সূচনা করলেন, যার মোট বরাদ্দ ৩৫,৪৪০ কোটি টাকা। এই প্রকল্পগুলোর মধ্যে একটি হল ডাল উৎপাদন মিশন, যার উদ্দেশ্য হলো আমদানি নির্ভরতা কমানো। এই কর্মসূচি সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীর দিনেই অনুষ্ঠিত হলো।
এদিন প্রধানমন্ত্রী কৃষি, পশুপালন, মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের ৫,৪৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন এবং প্রায় ৮১৫ কোটি টাকার অতিরিক্ত প্রকল্পগুলির শিলান্যাস করেন। ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’ প্রকল্পের জন্য ১১,৪৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর লক্ষ্য হল ডাল উৎপাদন ২০২৪-২৫ সালের বর্তমান ২৫২.৩৮ লক্ষ টন থেকে বাড়িয়ে ২০৩০-৩১ সালের মধ্যে ৩৫০ লক্ষ টনে নিয়ে যাওয়া এবং দেশের আমদানি নির্ভরতা হ্রাস করা।
২৪,০০০ কোটি টাকার ‘প্রধানমন্ত্রী ধান ধান্য কৃষি যোজনা’-র উদ্দেশ্য হল ১০০টি দুর্বল উৎপাদনভিত্তিক কৃষি জেলার সার্বিক উন্নয়ন। এই যোজনার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্যকরণ, সেচ ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা এবং নির্বাচিত জেলাগুলিতে সহজে ঋণ প্রাপ্তির ব্যবস্থা করা হবে। এই দুটি প্রকল্প, যা ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে, আগামী রবি (শীতকালীন) মরসুম থেকে ২০৩০-৩১ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে।
প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করেছেন তার মধ্যে রয়েছে:
বেঙ্গালুরু ও জম্মু-কাশ্মীরে কৃত্রিম গর্ভাধান প্রশিক্ষণ কেন্দ্র, গুজরাটের আমরেলি ও বানাসে ‘সেন্টার অফ এক্সেলেন্স’, আসামে ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’-এর অধীনে একটি আইভিএফ ল্যাব, মেহসানা, ইন্দোর ও ভিলওয়ারায় মিল্ক পাউডার প্লান্ট, তেজপুরে ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’-র অধীনে ফিশ ফিড প্লান্ট।
অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিং-এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের, গ্রামীণ ভারতের মাল্টি-পারপাস কৃত্রিম গর্ভাধান টেকনিশিয়ানদের, প্রধানমন্ত্রী কৃষক সমৃদ্ধি কেন্দ্র এবং কমন সার্ভিস সেন্টার হিসেবে রূপান্তরিত প্রাথমিক কৃষি সমবায় ঋণ সমিতিকে সার্টিফিকেট প্রদান করেন।
এই অনুষ্ঠান সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখযোগ্য সাফল্যকে তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে: ১০,০০০টি কৃষক উৎপাদক সংস্থা তে ৫০ লাখ কৃষকের সদস্যপদ লাভ । যার মধ্যে ১,১০০টি এফপিও ২০২৪-২৫ অর্থবছরে বছরে ₹১ কোটির বেশি ব্যবসা করেছে । এছাড়াও পঞ্চাশ হাজার কৃষককে ন্যাচারাল ফার্মিং সার্টিফিকেশন প্রদান করা হয়েছে ।
প্রধানমন্ত্রী এদিন কিছু কৃষকের সঙ্গে কথাও বলেন, যারা বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য কৃষি, পশুপালন ও মৎস্য ক্ষেত্রে একটি ভ্যালু-চেইন ভিত্তিক পদ্ধতি গড়ে তোলা। শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী রাজীব রঞ্জন সিং, কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী।
❤ Support Us






