- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ৩০, ২০২৫
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বুলেট ট্রেনে ভ্রমণ, সেন্দাইয়ে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল পরিদর্শন মোদির
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে ভ্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও থেকে বুলেট ট্রেনে সেন্দাই বন্দরে যান দুজনে। জাপানের প্রধানমন্ত্রী এক্স–এ দুজনের বুলেট ট্রেনে ভ্রমণের ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেন্দাই। আমাদের জার্নি অব্যাহত।’ প্রধানমন্ত্রী মোদীও ছবিগুলি শেয়ার করে বলেছেন যে তাঁরা সেন্দাইতে পৌঁছেছেন।
বর্তমানে ২ দিনের জাপান সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনে তিনি বুলেট ট্রেনে যাত্রা করলেন। ট্রেন যাত্রার আগে তিনি ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে বর্তমানে প্রশিক্ষণরত ভারতীয় ট্রেন চালকদের সঙ্গে দেখা করেন। ভারতীয় ট্রেন চালকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোদীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী চালকদের সঙ্গে কথা বলেন ও ছবিও তোলেন।
সেন্দাই যাওয়ার আগে শনিবার সকালে টোকিওতে জাপানের ১৬টি প্রদেশের গভর্নরের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। তাঁদের সঙ্গে কথা বলার সময় ভারতের প্রধানমন্ত্রী রাজ্য–প্রিফেকচার সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন। এই ব্যাপারে ১৫তম ভারত–জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের সময় শুরু হওয়া রাজ্য–প্রিফেকচার অংশীদারিত্ব উদ্যোগের অধীনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মোদী।
বৈঠকের ছবি এক্স–এ শেয়ার করে মোদী বলেন, ‘ভারত–জাপান বন্ধুত্বের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হল রাজ্য–প্রদেশ সহযোগিতা। এই কারণেই গতকাল ১৫তম বার্ষিক ভারত–জাপান শীর্ষ সম্মেলনে এটির ওপর একটা পৃথক উদ্যোগ চালু করা হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘বাণিজ্য, উদ্ভাবন, উদ্যোক্তা এবং আরও অনেক ক্ষেত্রে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। স্টার্টআপ, প্রযুক্তি এবং এআই–এর মতো ভবিষ্যতমুখী ক্ষেত্রগুলিও উপকারী হতে পারে।’
সেন্দাইয়ে মোদি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট এবং একটা বুলেট–ট্রেন কোচ উৎপাদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল পরিদর্শন করেন।
মিয়াগি প্রদেশের সেন্দাইয়ের কাছে অবস্থিত এই কারখানাটি তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন দ্বারা তৈরি একটা নতুন সেমিকন্ডাক্টর ওয়েফার ফ্যাব্রিকেশন প্ল্যান্ট। এটা জাপান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির যৌথ উদ্যোগের অধীনে এসবিআই হোল্ডিংস এবং জাপানি স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্বে নির্মিত। ভারত ও জাপান অর্থনৈতিক নিরাপত্তার ওপর ঘনিষ্ঠভাবে কাজ করছে। যার মধ্যে সেমিকন্ডাক্টর, এআই, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং পরিষ্কার শক্তি অন্তর্ভুক্ত রয়েছে, তাই প্রধানমন্ত্রী মোদী এই শিল্পাঞ্চল পরিদর্শন করছেন।
❤ Support Us







