- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ৭, ২০২৩
বাংলাদেশের মনোহর সম্মান। নির্মলেন্দু, রামেন্দু,অনুপম সহ ৭ গুণীকে বাংলা একাডেমি পুরস্কার
মনোহর সংবাদ, নির্মলেন্দু গুণ এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন। স্বনআমধন্য, সর্বমান্য কবি, বহু জনপ্রিয় কবিতা আর স্মরনীয় পংক্তির স্রষ্টা। একসময় তরুণদের মুখে মুখে উচ্চারিত হতে প্রেমাংশুর রক্ত চাই। ব্যক্তিগত আর সামাজিক অভিব্যক্তির নিরিখে সমকালের যে-কোনো কবির চেয়ে অধিকতর গ্রহণযোগ্য তাঁর চিত্তপ্রিয় উচ্চারণ।শামসুর রহমান, শহিদ কাদরী, আল মাহমুদ, ফজলে শাহাবুদ্দিন, হুমায়ুন আজাদ, রফিক আজাদ, আব্দুল মান্নান সৈয়দ, আবুল হোসেন, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকের কবিব্যক্তিত্ব থেকে পুরোপুরি স্বতন্ত্র কবিতার মনোভূমি বেছে নেন নির্মলেন্দু।তাঁর প্রগাড় অনুভূতির রোমান্টিকতায় আলোড়িত বোধ করল স্বাধীনতা যুদ্ধে বিজয়ী বাংলাদেশের নবপ্রজন্ম। লেখার ধরণ বদলেছে, পর্যবেক্ষণের মোড় অন্যদিকে। একান্তে ছবি আঁকেন। জন্মাঞ্চলে কাশফুলের বাগান তৈরি করেছেন। রোমান্টিকতার দৃষ্টিপাত অন্যদিকে। বয়সের ভার স্পর্শ করতে পারেনি। ঘনঘন বদলায় তার ব্যক্তিস্বরূপের ভাবনা চিন্তা। নির্মলেন্দু তবু তারুণ্যের দীপ্তিমান প্রতীক হয়ে রইলেন। ভবিষ্যতেও তাঁর ভাবমূর্তি একইভাবে জাগ্রত থাকবে। বাংলা কবিতার এরকম গুরুত্বপূর্ণ কবি ও স্বকালদর্শীকে বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত করে প্রকারান্তরে বাংলাদেশের ভাবাবেগের দীপ্তিকে সম্মান জানাল একাডেমি।
নির্মলেন্দু ছাড়াও এবার পুরস্কারের তালিকায় মনোনীত হয়েছেন প্রবাদ প্রতিম মঞ্চাভিনেতা রামেন্দু মজুমদার সহ ৭ কবি, লেখক ও প্রাবন্ধিক।ঢাকার বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাযহারুল ইসলাম পুরস্কার পাচ্ছেন নির্মলেন্দু। রামেন্দুকে সম্মানিত করা হবে মমতাজ উদ্দিন নাট্যজন পুরষ্কার অর্পন করে। অমর কথা সাহিত্যিক আবু রুশদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হারুণ উর রশিদ, মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার পাবেন ডাঃ এ.বি. এম আব্দুল্লাহ। সমাজতাত্ত্বিক ও বিশিষ্ট অধ্যাপক অনুপম সেনকে সম্মানিত করা হবে, প্রবন্ধ সাহিত্যের জন্য মোহম্মদ বরকতুল্লাহ পুরস্কারে। নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার ও অধ্যাপক অনুপম সেন তিনজনই জীবিত কিংবদন্তি। তাঁদের পুরস্কারের অর্থমূল্য চমকপ্রদ হওয়া স্বাভাবিক। ওমর কায়সার আর আব্দুল গফফারকে যথাক্রমে সাদত আলি আখন্দ এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান নিয়ে লিখিত গ্রন্থ বোস আইনস্টাইন কনডেনসেট এর জন্য হালীমা শরফুদ্দীন পুরস্কার দিয়ে সম্মানিত বোধ করবে ঢাকার বাংলা একাডেমি। ২৫ নভেম্বর একাডেমির ৪৬তম বার্ষিক সভায় মনোনীত কবি, প্রাবন্ধিক, লেখক, মঞ্চাভিনেতাদের পুরস্কার তুলে দেওয়া হবে।
বাংলাদেশের বাংলা একাডেমি পুরস্কারের জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতির গুরুত্ব অপরিসীম। তার গৌরব, তার ঐশ্বর্য, তার ঐতিহ্য স্মরণ করিয়ে দেয় ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলাদেশের ভাবাবেগময় অঙ্গীকার, এই দেশ সবার স্বদেশ। বাংলাদেশ সংস্কৃতির বিনম্র সেবক। এই দেশ রবীন্দ্র-নজরুল আর জীবনানন্দের সংহত, বিদ্রোহী আর রূপসী বঙ্গভূমি। ধনধান্যে, জলে, পুষ্পে, বুদ্ধিচর্চায় ভরা।
❤ Support Us





